২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে খতমে নবুওতের মহিলা সদস্যদের বিক্ষোভ

ডেনমার্কের সংবাদপত্রে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে চলমান বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার নগরীতে খতমে নবুওত আন্দোলন বাংলাদেশ (আইকেএনবি) এর মহিলা সদস্যরা একটি মৌন মিছিল বের করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

প্রতিবাদকারীরা জাতীয় সংসদে এবং জাতিসংঘে ‘ডিগনিটি রিজারভেশন বিল ফর হযরত মুহাম্মদ (সাঃ)’ পাশের দাবি জানায়।

মিছিলকারীরা আহমাদীয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে।

বোরকা পরিহিত এবং নেকাব দিয়ে মুখ ঢেকে রাখা মহিলা প্রতিবাদকারীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের ফুটপথে অবস্থান নেয়।

নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তরগেটে অনুষ্ঠিত কর্মসূচীতে খতমে নবুওতের শতাধিক মহিলা সদস্য এবং দুই শতাধিক পুরুষ সদস্য অংশ নেয়।

এমনকি অনেক মহিলাকে সন্তান কোলে নিয়ে কর্মসূচীতে অংশ নিতে দেখা যায়।

‘মুসলিম বিশ্ব মহানবী (সাঃ) এর অসম্মান মেনে নেবে না, ডেনিশ কার্টুনিস্ট ও প্রকাশকের শাস্তি, বুশ বিশ্বের সেরা সন্ত্রাসী, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, ডেনিশ দূতাবাস বন্ধ এবং ডেনিশ খাদ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান ব্যানার ও প্লাকার্ডে লেখা ছিল।

প্রতিবাদ কর্মসূচী চলাকালে মহিলা সদস্যদের পুরুষ সদস্যরা কর্ডন করে ঘিরে রাখে এবং ফটো সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ার চেষ্টা করে।

এরআগে গত শুক্রবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিযব-উত-তাহরীর বাংলাদেশ এবং অনান্য বিভিন্ন ক্ষুদ্র ইসলামিক দলগুলো মহানবীর কার্টুন প্রকাশের প্রতিবাদ জানিয়ে মিছিল সমাবেশ করে।

প্রতিবাদকারীরা ডেনিশ পতাকায় অগ্নিসংযোগ এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশসহ অনান্য পশ্চিমা নেতৃবৃন্দের কুশপত্তিলিকা দাহ করে। তারা সমগ্র মুসলিম বিশ্বের প্রতি ইউরোপীয়ান খ্রিস্টানদের পণ্য বয়কটেরও আহ্বান জানায়।

এরআগে ১৩ ফেব্রুয়ারি হিযব-উত-তাহরীর বাংলাদেশের কয়েক শত সদস্য ঢাকায় অবস্থিত রয়েল ডেনিশ দূতাবাস ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়।