গাজীপুরের ইউসুফগঞ্জ প্রকল্প বাস্তবায়নে স্থিতাবস্থা বজায় রাখতে রাজউকের প্রতি হাইকোর্টের নির্দেশ
গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন ইউসুফগঞ্জের একটি হাউজিং কলোনি নির্মাণে গৃহীত উপশহর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে হাইকোর্ট সোমবার রাজধানী উন্নয়ক কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছেন।
বিচারপতি এমএ মতিন ও বিচারপতি ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলায় রিট আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে রাজউকের উপর একটি রুল জারি করেন।
রাজউকের ইউসুফগঞ্জ উপশহর প্রকল্প এবং বারকাউ ও পারবার্থা মৌজায় বনাঞ্চল ধ্বংসকে কেন অবৈধ ঘোষণা করা হবে, না তার কারণ দর্শাতে হাইকোর্ট রাজউককে নির্দেশ দিয়েছে।
জেলার কালিগঞ্জ থানাধীন ইউসুফগঞ্জের বারকাউ ও পারবার্থা মৌজায় একটি হাউজিং কলোনি নির্মাণ করতে রাজউক ‘ইউসুফগঞ্জ প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে।
শুনানিতে বলা হয়, রাজউকের মাস্টার প্ল্যানে ওই প্রকল্পের কোনো অনুমোদন নেই এবং এই প্রকল্পের বাস্তবায়ন হলে মারাত্মক পরিবেশ বিপর্যয় হবে।
মতিউর রহমান ও আব্দুল হকসহ ওই এলাকার ১৪ জন পরিবেশবাদী প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট মামলাটি দায়ের করেন। তাদের রিট আবেদনে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাজার হাজার গাছ কাটা হবে এবং এর ফলে পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হবে।
আবেদনকারীর পক্ষে ড এম জহির ও অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সরকারের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম আদালতে মামলা পরিচালনা করেন।
