৩০ হাজার শিশু শ্রমিককে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে প্রত্যাহার করা হবে: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘শিশুশ্রম নিরসন’ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার শিশু শ্রমিককে পূনর্বাসন করা হয়েছে।
তিনি জানান, একই প্রকল্পের মাধ্যমে আরো ৩০ হাজার শিশু শ্রমিককে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে প্রত্যাহার করা হবে।
বুধবার জাতীয় সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দীর্ঘ পাঁচ দিন বিরতির পর স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি আইএলও’র দুটি প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার শিশু শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের বেকার ও অদক্ষ জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে ১৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও আরো ১৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপণের কাজ চলছে।
তিনি জানান, দেশের উপজেলা পর্যায়ে ৪৪৪টি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিআই) স্থাপণের সম্ভাব্যতা যাচাই চলছে এবং আরো পাঁচটি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ২৫ লাখ ৭৪ হাজার ৭১২ জন বেকার যুব ও যুব মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত সাত লাখ কর্মীকে ৬৪১ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক লাখ ৪৪ হাজার ২১৩টি সরকারি পদ পূরণ করেছে। এছাড়াও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণে দেশে আরো ১৩ লাখ ৯২ হাজার ১২৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। চার বছরে বিভিন্ন পেশার ১০ লাখ ৫০ হাজার ৮২৭ জন কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে।
সোহরাবউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওয়ার্ডভিত্তিক তিন হাজার স্বাস্থ্য সহকারি নিয়োগ করেছে। পরিবার পরিকল্পনা বিভাগের ৪৩ হাজার ৫৪০ কর্মীকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া আরো ১৬ হাজার ৭৬২ জনের অন্তর্ভূক্তির প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী জানান, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য উপকেন্দ্রের তিন হাজার ১৭৬টি চিকিৎসক, সম-পরিমান স্বাস্থ্য সহকারি এবং ১০ হাজার ৮০৩টি সহায়ক পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়াও দুহাজার ৭০৭ জন মেডিকেল অফিসার, দুহাজার নার্স ও ১৫ হাজার ৩১৬ জন কর্মচারি নিয়োগ করেছে।
এমএ হাসেমের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, চার বছরে দেশে বিদেশী বিনিয়োগের পরিমান ৫০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। এর ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বর্তমানে তা ৫৪০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
