২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম পরিবর্তনের নোংরা খেলা বন্ধ করে শহীদ ময়েজউদ্দিন সেতু তার নামেই উদ্বোধন করুন: সরকারকে আ.লীগ

নাম পরিবর্তন ও ইতিহাস বিকৃতির নোংরা খেলা বন্ধ করে শহীদ ময়েজউদ্দিন সেতু তার নামেই উদ্বোধন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ দাবি জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে স্থাপিত ও নির্মাণাধীন প্রকল্প এবং প্রতিষ্ঠানসমূহের পরিবর্তনকৃত নামও পুনর্বহাল করতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে স্থাপিত প্রকল্পসমূহের ফিতা কেটে উদ্বোধনের নামে ‘কৃতিত্ব চুরি’ বন্ধ করুন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোট সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও ইর্ষার বশবর্তী হয়ে হত্যা, সন্ত্রাসের পাশাপাশি ইহিাস বিকৃতি এবং ইতিহাস থেকে জাতীয় নেতাদের নাম মুছে ফেলার গভীর চক্রান্ত চালাচ্ছে। এরই অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার আমলে নির্মিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য শহীদ ময়েজ উদ্দিন আহমেদ সেতু থেকে তার নাম বাদ দিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তা উদ্বোধন করতে যাচ্ছেন। আর এর মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ময়েজউদ্দিনের আত্মদানের বেনিফিসিয়ারি হয়েও শহীদের আত্মার সঙ্গে বেইমানী করতে চলেছেন খালেদা জিয়া।

সরকারের এই সিদ্ধান্ত কেবল হীনমন্যতাই নয়, একজন শহীদ জাতীয় নেতার প্রতি চরম অবমাননার শামিল-উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, তানজিম আহমেদ সোহেল তাজ এমপি, মেহের আফরোজ চুমকিসহ দলীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের মহান সংগঠক ময়েজউদ্দিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর শহীদ হন। ২০০১ সালের ৯ জুন শীতলক্ষ্যা নদীর ওপর তার নামে এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।