২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে স্পিকার বললেন, সিইসি সৎ; বিরোধী দলের ওয়াকআউট

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বুধবার সংসদের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজকে ‘সৎ ও নিষ্ঠাবান’ বলে উল্লেখ করার প্রতিবাদে আওয়ামী লীগের সাংসদরা ১৫ মিনিটের জন্য ওয়াক আউট করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 04:18 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

পরে তারা আবারো সংসদে ফিরে এলে স্পিকার বলেন, আমি স্পিকার হিসেবে তার সম্পর্কে কোনো মন্তব্য করিনি। একজন আইনজীবী হিসেবে ওই মন্তব্য করেছি।

পাঁচদিন বিরতির পর সকাল ১১টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ প্রশ্নোত্তরপর্ব টেবিলে উত্থাপণ হয়।

এ সময় পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন বিরোধী দলীয় সাংসদ মোহাম্মদ নাসিম। শুরুতেই মোহাম্মদ নাসিম সংসদের বৈঠক মূলতবি করে আলোচনার জন্য দেওয়া ১০টি ৬২ বিধির প্রস্তাব গ্রহণ না করার সমালোচনা করেন।

তিনি দীর্ঘ বিরতির পর বিরোধী দলের সংসদে যোগদান প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন, জনগণকে ধোকা দিতে নয়, জনগণের কথা বলার জন্যই আমরা সংসদে এসেছি।

তিনি বলেন, রাজশাহীতে শিক্ষক হত্যাকাণ্ডের সাথে জড়িত শিবির নেতা সালেহীকে পুলিশ গ্রেফতার করেনি। সরকারের আশ্রয়ে সেখানে আরেকজন বাংলা ভাই সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, অন্যদিকে সরকার বাংলা ভাই ও শায়খ রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করছে। আসলে সরকার পক্ষ তাদের আগামী নির্বাচনে ব্যবহার করতে চায়।

বিরোধী দলীয় চিফ হুইপ প্রশ্ন রেখে বলেন, অর্থমন্ত্রীর জন্য নির্মাণ করা তোরণের ধাক্কায় শ্রীমঙ্গলে দুই নিরীহ বাসযাত্রী নিহত হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ওই দুই ব্যক্তির দায়িত্ব কে নেবে?

এ সময় স্বাস্থ্য মন্ত্রী স্পিকারকে বিধি অনুযায়ী আলোচনার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, মূলতবি প্রস্তাবের পরিবর্তে বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের জন্য আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে পারেন।

৬২ বিধি নিয়ে আরো আলোচনা করেন আওয়ামী অ্যাডভোকেট রহমত আলী ও শেখ ফজলুল করিম সেলিম।

এ পর্যায়ে আওয়ামী লীগের সাংসদ নূর এ আলম চৌধুরী লিটন বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর প্লট সিইসি এমএ আজিজকে দেওয়া হয়েছে।

তিনি তার বক্তব্যের সপক্ষে আরো কিছু নথিপত্র উত্থাপন করে বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে খুশি করে আগামী নির্বাচন প্রভাবিত করার জন্য তাকে নিয়োগের আগেই ওই প্লট দেওয়া হয়।

এ সময় স্পিকার সিইসিকে ‘একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন।

এর প্রতিবাদের আওয়ামী লীগ সাংসদরা ওয়াক আউট করেন। ১৫ মিনিট পর তারা আবারো বৈঠকে যোগ দেন।