২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মীকে পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রদল, ধর্মঘট আহ্বান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে দাঁড়িয়ে জামাত- শিবির বিরোধী স্লোগান দেওয়ায় মঙ্গলবার ভোরে জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা- কর্মীরা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীদের পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সূত্র জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে জামাত- শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বের হওয়ার পথে ছাত্রদলের কয়েকশ’ নেতা কর্মী ছাত্রলীগের নেতা- কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগের চার নেতাসহ ৩০/৩৫ জন আহত হয়।

এ সময় ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি, সহ- সভাপতি আহসান মোবারক এবং সাংগঠনিক সম্পাদক খান মোঃ ইকবাল হোসেনকে ছাত্রদল কর্মীরা রড ও হকিস্টিক দিয়ে বেদম প্রহার করে।

এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্রলীগ বুধ ও বৃহস্পতিবার দু’দিন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে।

ছাত্রলীগের ওপর ছাত্রদল কর্মীদের হামলার ব্যাপারে প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান বলেন, উপাচার্যের নির্দেশে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।