নির্বাচন কমিশন ১২ মার্চ পর্যন্ত নতুন ভোটার তালিকা প্রণয়নের মেয়াদ বাড়িয়েছে
নির্বাচন কমিশন (ইসি) আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকা প্রণয়নের মেয়াদ ১২ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।
এর আগে বেঁধে দেওয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সর্বশেষ তারিখ ছিল ২০ ফেব্রুয়ারি।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকার মেয়াদ বাড়ানোর বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয় গোপন রাখে।
সোমবার নির্বাচন কমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক ভোটার তালিকা প্রণয়নের পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ১২ মার্চ পর্যন্ত ভোটার তালিকা অব্যাহত রাখার ব্যাপারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকা প্রণয়ন, তথ্য যাচাই, ফরম পূরণ এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের ১৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ দেওয়া হয়।
তালিকা প্রস্তুত করার সময় কোনও ভুল হয়ে থাকলে সুপারভাইজাররা তা যাচাই করবে এবং অতিরিক্ত ভোটারদের ব্যাপারে তালিকা প্রণেতাদের নির্দেশ দেবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচন কমিশন কার্যালয় ১৩ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়নের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে।
সূত্র জানায়, ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত অনেকেই ভোটার হতে পারেনি।
জানুয়ারির ১ তারিখ থেকে ভোটার তালিকা প্রণয়ন শুরু হয় এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও তালিকা পর্যালোচনার শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি।
নির্বাচন কমিশন ৩১ জানুয়ারি এক নির্দেশের মাধ্যমে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা প্রণয়নের সময় বৃদ্ধি করে।
