একাত্তরের পরাজিত শক্তি দেশে উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে: ড. কামাল
জাতীয় ঐক্যমঞ্চ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ১৪ দলের সংস্কার প্রস্তাবের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি সরকারের অংশ হিসেবে আজ দেশে উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, তারা একাত্তরে যেমন আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল, আবারো করবে। এ জন্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংখ্যাগরিষ্ট মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সংস্কার প্রস্তাবের যৌক্তিকতা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
রোববার ঢাকার মুক্তাঙ্গনে ১৪ দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবের পক্ষে গণ-সংযোগ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
মহানগর গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক ও ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার (অব:) আব্দুর রউফ।
পরে নেতৃবৃন্দ বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় সংস্কার প্রস্তাবের পক্ষে লিফলেট বিতরণ করেন।
ড. কামাল হোসেন বলেন, মানুষ এতদিন দাবি জানিয়েছে, এখন বিরোধী দলের পক্ষ থেকে সংসদে সংস্কার প্রস্তাব উত্থাপণ করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে সরকার নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। সরকার বোমাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। কোনো হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে না। সরকারের সহযোগীরা ঘাতকদের প্রশ্রয় দিচ্ছে।
তিনি বলেন, মানুষ কৃষিকাজের মাধ্যমে দেশের উন্নয়নের জন্যে ডিজেল, সার ও বিদ্যুৎ চায়। কিন্তু তারা সেটা পাচ্ছে না। টাকা দিয়েও বিদ্যুতের বদলে মানুষ পাচ্ছে গুলি। তারা গুলি করে বিক্ষুব্ধ মানুষকে হত্যা করছে।
তিনি একটি কার্যকর পরিবর্তন ও অর্থবহ সংসদ প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
