খাগড়াছড়িতে পাহাড়িদের জমি দখল: সেনা মোতায়েন, চরম উত্তেজনা
পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়ির গামারীঢালায় পাহাড়িদের জমি দখল করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজনা প্রশমনে এলাকায় সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, গামারীঢালায় বহিরাগত বাঙালি সেটেলারদের পাহাড়িদের (জুম্ম) জমি দখল করাকে কেন্দ্র করে অন্তত এক সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলে আসছে।
এ অবস্থায় আদিবাসী পাহাড়িরা নিরাপত্তাহীনতার কারণে মহালছড়ির মাইচ্ছড়ি বাজার বর্জন করে আসছেন। অনেকেই আবার হয়েছেন ঘরবাড়ি ছাড়া।
গত ১২ ফেব্রুয়ারি থেকে বাঙালি সেটেলাররা পাহাড়ি অধ্যুষিত গামারীঢালায় অন্তত: ৫০টি অস্থায়ী ঘরবাড়ি তুলেছে। এ ঘটনার প্রতিবাদে পাহাড়িরা ওইদিন থেকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রাখে।
এ বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারাম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিডিনিউজকে বলেন, পাহাড়িরা নিজেদের জমি দখলের বিষয়ে প্রথমে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছিলেন।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, বঞ্চিত পাহাড়িরা কোনো প্রতিকার না পেয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হচ্ছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে বলেন, ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এরই মধ্যে আমি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, সাম্প্রদায়িক বা জাতিগত সংঘাত নয়; আমি মনে করি, আলাপ-আলোচনার মাধ্যমে ঘটনার সুরাহা করাই একমাত্র সমাধান।
