রাজশাহীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, উভয় পক্ষের ৩০ জন আহত, আটক ১০
রাজশাহীতে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের মিছিলে বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন কর্মী আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের ১০ জন কর্র্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবারের হরতালের সমর্থনে মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় আওয়ামী লীগ শহরের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নগরীর সোনাদিঘী মোড়ে পৌঁছলে আমার দেশ পত্রিকা অফিস সংলগ্ন বিএনপি-ছাত্রদল সমর্থক কর্মীদের ছাত্রাবাস থেকে বোমা নিক্ষেপ করা হয়। এসময় মিছিলের ক্ষুব্ধ কর্মীরা পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, বোমাবাজি ও পুলিশের টিয়ার গ্যাস সেলে সাহেববাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় উভয় পক্ষের কর্মীরা একটি মোটর সাইকেল ও দমকল বাহিনীর গাড়িতে ভাংচুর চালায়। তাদের রোষ থেকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোপানপাটও রেহাই পায়নি।
সংঘর্ষ থামানোর জন্যে পুলিশ আওয়ামী লীগ কর্মীদের উপর নির্বিচারে লাঠিচাজ এবং কয়েক রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে।
ঘটনার পরপরই নগরীর কেন্দ্রস্থল সাহেববাজার এলাকার আশেপাশের মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। নগরী জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় বিক্ষুদ্ধ আওয়ামী লীগ কর্মীরা মহানগর বিএনপি অফিস, এমপি নাদিম মোস্তফার কার্যালয়, বিএনপি নেতা লাল এর ভবন ও শফিকুল ইসলাম মিলনের চেম্বার ভাংচুর করে বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।
এদিকে আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন বিডিনিউজকে বলেন যে, তাদের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির কর্মীরা ককটেল নিক্ষেপ করে। এরপর তাদের কর্মীদের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিন্তু এসময় পুলিশের সহায়তায় বিএনপি কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
পুলিশ আওয়ামী লীগের কমপক্ষে ২০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে বলেও তিনি দাবী করেন।
বোয়ালিয়া থানা পুলিশ সাত জনকে আটকের কথা স্বীকার করেছে। তবে পুলিশ তাদের নাম জানাতে পারেনি।
বিএনপি অফিস সূত্র আরও জানায়, আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে অফিসের পিওনকে মারধর করে। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্র দাবি করে। তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় যে, সেখানে গুরুত্বর আহত কেউ ভর্তি হয়নি।
সংঘর্ষের পর ১৪ দল নেতা ফজলে হোসেন বাদশা বলেন, পুলিশের উস্কানিতে সরকারি দলের সন্ত্রাসীরা নগরজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রাজশাহীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিলে প্রথমে বিএনপি কর্মীদের বোমা হামলা এবং পরবর্তীতে পুলিশ ও বিএনপি কর্মী মিলে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন।
