২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করতে না পেরে আওয়ামী লীগের ওয়াক আউট

আওয়ামী লীগের সাংসদরা মঙ্গলবার সংসদ থেকে ওয়াক আউট করেন। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার সুযোগ না পেয়ে এবং তেলের মূল্য বৃদ্ধি হয়নি বলে সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর দেওয়া বক্তব্যকে অসত্য দাবি করে প্রধান বিরোধী দল এভাবে প্রতিবাদ জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সাংসদরা ওয়াক আউট করেন। এরপর বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের ব্রিফিং দেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, উত্তরাঞ্চলে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা ওয়াক আউট করেছি। জ্বালানি উপদেষ্টা সোমবার গণমাধ্যমের কাছে উত্তরাঞ্চলে তেলের দাম লিটার প্রতি এক টাকা বাড়ানোর কথা বলেছেন।

কিন্তু আজ স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, ডিজেলের দাম বাড়ানো সংক্রান্ত কোনো সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, এখন আমরা এখন কার কথা সত্য বলে ধরে নেবো? পরিষ্কারভাবে সরকারকে বলতে হবে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। ভেতরে ভেতরে দাম বাড়বে, আর সংসদে বলবে দাম বাড়ানো হয়নি, জণগনকে নিয়ে এ ধোঁকাবাজী চলবে না।

তিনি উত্তারাঞ্চলে বৈষম্যমূলকভাবে ডিজেলের দাম এক টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বলেন, শুধু উত্তরাঞ্চলে তেলের দাম বাড়বে কেন? এক দেশে দুই সিদ্ধান্ত হতে পারে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আগামীকাল (বুধবার) হরতালের পর আমরা আবারও সংসদে ফিরে আসব। বুধবারের মধ্যে এ ব্যাপারে পরিষ্কার কোনো ঘোষণা না এলে বিষয়টি আবারো সংসদে তোলা হবে।

তবে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, দেশে বিদ্যুৎ, সার ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সিধান্ত নেয়া হয়নি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনাও নেই। এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি, জারি করা হবেও না।

মঙ্গলবার মাগরিব নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত পয়েনট অব অর্ডারে উত্তরাঞ্চলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, সার ও তেলের দাম বৃদ্ধি নিয়ে দেশে তুঘলকি কাণ্ড চলছে। উত্তরাঞ্চলে লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সারা দেশে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি চলছে। সারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, সারা দেশে জ্বালানি তেল এক দামে বিক্রি হচ্ছে, আর উত্তরাঞ্চলে বিক্রি হচ্ছে আরেক দামে। এক দেশে দুই আইন চলতে পারে না।

মোহাম্মদ নাসিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, সংবাদপ্রত্রে রিপোর্ট প্রকাশ হয়েছে উত্তরাঞ্চলের মানুষকে বেশি টাকা দিয়ে সার ও ডিজেল কিনতে হবে। সরকার এ ব্যাপারে সিধান্ত নিয়েছে। দেশের মানুষকে কেন দু’ভাগে বিভক্ত করা হলো? সরকারের এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

শেখ ফজলুল করিম সেলিম তাদের সমর্থন করে বলেন, মন্ত্রী ও সরকার বলছে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। অথচ দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের দাম ইতোমধ্যে বেড়ে গেছে। সরকারের এ ধরনের সিধান্ত কৃষি উৎপাদন ব্যাহত করবে।

এসময় আওয়ামী লীগের অন্য সদস্যরাও এ বিষয়ে কথা বলতে চাইলে স্পিকার তাদের ফ্লোর দিতে অপারগতা প্রকাশ করেন। এর প্রতিবাদে আওয়ামী লীগ সদস্যরা ওয়াক আউট করেন।