২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বোমা হামলা: ‘জেএমবি সদস্যের স্বীকারোক্তিই প্রমাণ করে সরকার জঙ্গিদের রক্ষা করছে, বিরোধী দলের ঘাড়ে দোষ চাপাচ্ছে’

ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলার দায়িত্ব স্বীকার করে আদালতে এক জেএমবি নেতার দেয়া জবানবন্দিতে আবারও প্রমাণিত হয়েছে যে, জোট সরকার জঙ্গিদের রক্ষা করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জেএমবি’র ময়মনসিংহ জেলা কমান্ডার সালাহউদ্দিন সালেহীন সিনেমা হলে বোমা হামলা চালিয়েছিল বলে আদালতে জেএমবি ক্যাডার মইনুল ইসলামের দেয়া স্বীকারোক্তির পর বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান একথা বলেন।

বোমা হামলার পর সরকারের পক্ষ থেকে দায়ের করা মামলায় সাবের হোসেন ও মতিউর রহমানকেও অন্তর্ভুক্ত করা হয়।

২০০২ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহের পুরবী, অজন্তা, ছায়াবাণী ও অলকা সিনেমা হলে প্রায় একই সময়ে চালানো বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং অপর ২০ জন পঙ্গু হয়ে যায়।

সাবের হোসেন চৌধুরী বলেন, নৃসংশ এ হামলার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ময়মনসিংহ সফর করে এ হামলার জন্যে বিরোধী দলকে দোষারোপ করেন। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কোনও ব্যক্তি বা দলকে যখন ইঙ্গিত করা হয় তখন প্রশাসনের পক্ষে ওই নির্দেশ মানা ছাড়া আর কিছুই করার থাকে না।

তিনি বলেন, সরকার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার উদ্যোগ না নিয়ে এ বোমা হামলা বিরোধী দলের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাজানো ঘটনা বলে উল্লেখ করে। সেসময় সরকার যদি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করত তাহলে সন্ত্রাসবাদ এ পর্যায়ে এসে পৌঁছত না বলে তিনি উল্লেখ করেন।

বিরোধী নেতার রাজনৈতিক সচিব বলেন, সরকার জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশসহ (জেএমবি) অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে এখনও কঠোর নয়। যদি চাইতো তাহলে আগেই এ ধরনের স্বীকারোক্তির পর সরকার সিনেমা হলে বোমা হামলকারীদের গ্রেপ্তারের উদ্যোগ নিত।

বোমা হামলার পর পুলিশ সাবের হোসেনসহ লেখক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির, সাংবাদিক এনামুল হক চৌধুরী, অধ্যক্ষ মতিউর রহমান ও তার আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সাবের হোসেন, এনামুল হক ও মতিউর রহমানের বিরুদ্ধে বোমা হামলার এবং মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হয়।

প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মতিউর রহমান বীর প্রতীক বলেন, রাজনৈতিক ইর্ষাপরায়ণ হয়ে এ বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করা হয়।

ঘটনার পর ময়মনসিংহ সার্কিট হাউসে এক বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি ইঙ্গিত দেয়ার কয়েক ঘন্টা পর রাতে সামরিক বাহিনীর সদস্যরা মতিউর রহমানের বাড়ি ঘেরাও করে তাকে, তার দুই ভাই, বড় বোন ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে।

মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর তার উপর নির্যাতনের বর্ণনা দিয়ে মতিউর রহমান বলেন, আমি ছিলাম ব্লাড প্রেসারের রোগী এবং জেল হাজতে এক ডাক্তার ওষুধ সেবন ও ইসিজি করার পরামর্শ দেয়। কিন্তু আমাকে ওষুধ দেওয়া হয়নি এবং ইসিজিও করানো হয়নি।

মতিউর রহমান বলেন, এর আগে গাজীপুরে অপর এক জেএমবি জঙ্গি ময়মনসিংহের সিনেমা হলে জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ বোমা হামলা চালিয়েছে বলে স্বীকার করলেও সরকার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়নি।

এদিকে সিনেমা হলে বোমা হামলার ঘটনায় সাংবাদিক ও লেখকদের গ্রেপ্তারের পর তাদের মামলা পরিচালনাকারী প্রখ্যাত আইনবিদ ড. কামাল হোসেন এখন পরবর্তী কার্যক্রমের জন্যে জেএমবি জঙ্গিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির নথি হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলে সূত্র জানায়।