সরকার জঙ্গিদের মদদ দিয়ে দেশে বোমা হামলা চালাচ্ছে: সংসদে সংস্কার প্রস্তাব উত্থাপনকালে শেখ হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার জাতীয় সংসদে বলেছেন, সরকার জঙ্গিদের মদদ দিয়ে দেশে জঙ্গি হামলা চালাচ্ছে।
আগামী নির্বাচনে জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সে কারণে তারা জঙ্গিদের ব্যবহার করবে। পবিত্র ইসলামের নামে বোমাবাজি বরদাশত করা হবে না।
শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৬ টায় মাগরিবের নামাজের পর বক্তব্য দিতে শুরু করেন। তিনি তার বক্তৃতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তার উত্থাপন করেন। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি বক্তব্য শেষ করেন।
বিরোধী দলীয় নেতা তার ৫৫ মিনিটের বক্তব্যে বলেন, জোট সরকারের সাড়ে চার বছরের দুঃশাসন, দুর্নীতি, নির্যাতন ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অতিষ্ট, আতংকগ্রস্ত। তারা ক্ষমতায় এসে ২৬ হাজার মানুষকে হত্যা করেছে।
তিনি বলেন, শাহএএমএস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। এটি গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সারাদেশ গ্রেনেড ও বোমা হামলায় ক্ষত-বিক্ষত হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমরা চাই জনগণের সংসদ। সে জন্য ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে জনগণ ভোট দিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন করতে পারে। মানুষের ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে। এ কারণেই আমরা সংস্কার প্রস্তাব এনেছি।
শেখ হাসিনা বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিতে নির্বাচন কমিশন নিয়ে তেলেসমাতি কারবার চলছে। প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনার নিয়োগ এবং ভোটার তালিকা নিয়ে সরকার যে খেলা খেলছে, তা জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দৃষ্টান্ত।
তিনি বলেন, আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা চাই জনগণের শান্তি ও নিরাপত্তা।
শেখ হাসিনা সরকারের উদ্দেশে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার বিষয়ক যে প্রস্তাবনা উত্থাপন করেন, তাতে ৩১ দফা দাবি উত্থাপন করা হয়।
গত বছর ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার বিষয়ে আওয়ামী লীগসহ ১৪ দল অভিন্ন প্রস্তাবনা ঘোষণা করে।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পীকার আক্তার হামিদ সিদ্দিকী।
অধিবেশনে সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া উপস্থিত ছিলেন না। প্রধানমন্ত্রী পাকিস্তান সরকারের আমন্ত্রণে দুপুরে তিনদিনের সফরে ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।
সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি ১৪ দলের লং মার্চ শেষে পল্টন ময়দানের জনসমুদ্রে শেখ হাসিনা সংসদে যোগ দিয়ে ওই সংস্কার প্রস্তাব আনবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, সংসদে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার প্রস্তাব আনা হবে। কিন্তু সরকার যদি তা না মানে প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগ করা হবে।
সংসদে উত্থাপিত সংস্কার প্রস্তাবের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পাঁচ দফা, নির্বাচন কমিশন ইস্যুতে ১৫ দফা এবং নির্বাচনী আইন সংস্কারের প্রশ্নে ১১ দফা দেওয়া হয়।
সংস্কার প্রস্তাবে বিস্তারিত যা আছে:
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণ কোনো রাজনৈতিক দল অথবা কোনো দলের সাথে যুক্ত কোনো সংগঠনের সদস্য হবেন না। আর প্রধান উপদেষ্টাকে হতে হবে সকল রাজনৈতিক দলের আস্থাভাজন।
এতে বলা হয়, শুধুমাত্র বিচার বিভাগের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই নিয়োগের ক্ষেত্র ব্যাপক ও বি¯তৃত করতে হবে।
এছাড়া সংসদীয় সরকার ব্যবস্থাকে বিবেচনায় রেখে তত্ত্বাবধানকালীন সময়েও রাষ্ট্রপতি সকল বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
সমন্বিত প্রস্তাবনায় বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ রাজনৈতিক দল সমূহের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। নির্বাচন কমিশনার কতজন হবেন, তাও নির্ধারণ করতে হবে।
নির্বাচন কমিশন নির্বাচন তত্ত্বাবধান, পরিচালনা এবং নিয়ন্ত্রণমুক্ত থেকে সম্পূর্ণ স্বাধীন পরিবেশে যেন কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
প্রস্তাবনায় বলা হয়, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত সম্পূর্ন স্বাধীন সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের একটি স্বাধীন সচিবালয় থাকবে।
নির্বাচনী আইন ও বিধি সংস্কারের প্রস্তাবে বলা হয়, নির্বাচনে টাকার খেলা বন্ধ এবং নির্বাচকে সন্ত্রাস, পেশী শক্তির প্রভাব ও দুর্বৃত্তমুক্ত করতে হবে। প্রার্থীদের সম্পদ, নির্বাচনী ব্যয় ও পরিচয় প্রকাশ করতে হবে। নির্বাচনী প্রচারনায় ধর্মের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
নির্বাচনের নিরাপত্তা বিধান, সন্ত্রাস ও সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ ও নির্বাচনী আইনের প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ন্যস্ত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের ওপর।
এছাড়া, প্রচলিত আইন সংস্কার করে সংরক্ষিত মহিলা আসনে আসন সংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
