২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গণতান্ত্রিক না হলে আদিবাসী অধিকার আদায় হবে না: সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সরকার ক্ষমতাসীন না হলে আদিবাসী অধিকার বাস্তবায়িত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, আদিবাসীদের মৌলিক অধিকার হরণে স্বাধীন বাংলাদেশের সরকারগুলো শোষকের ভূমিকা পালন করছে। এর বিরুদ্ধে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে তরুণ বুদ্ধিজীবীদের সহযোগী শক্তি হিসেবে দাঁড়াতে হবে।

রাজধানীর নীলক্ষেতে পরিকল্পনা উন্নয়ন একাডেমি মিলনায়তনে রোববার একটি গবেষণা পুস্তকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম্পাওয়ারমেন্ট থ্রু ল’ অব দা কমন পিপল’র উদ্যোগে (ইআরসিপি) আয়োজিত অনুষ্ঠানে ‘মৃত্যূ উপতক্যায় গারোদের বেঁচে থাকার সংগ্রাম’ শীর্ষক গবেষণামূলক বইয়ের উন্মোচন করা হয়। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিচালিত গবেষণার ওপর ভিত্তি করে বইটি রচিত হয়েছে। এর সম্পাদনা করেছেন অধ্যাপক মিজানুর রহমান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইডি/ইউএসএআইড’র চিফ অব পার্টি সুসান ওয়ার্ড।

সন্তু লারমা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামে ছয় লাখ বহিরাগত বাঙালিকে (সেটেলার) আদিবাসীদের জমিতে অভিবাসন দেওয়া হয়েছে। একইভাবে গারো পাহাড়ে ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত অঞ্চলে অভিবাসন ঘটানো হচ্ছে। এভাবে উগ্র জাতীয়তাবাদী শক্তির সমাবেশ ঘটিয়ে দমন-নীপিড়ন করা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠিকে। প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।

তিনি এর বিরুদ্ধে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতন্ত্রমনা মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, আদিবাসী লেখক সঞ্জিব দ্রং বলেন, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে আদিবাসীদের সংখ্যালঘুতে পরিণত করা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি বলেন, আদিবাসীদের রয়েছে ভূমির ওপর ঐতিহ্যবাহী অধিকার। তাই তাদের জমির কাগজ-পত্র না থাকলেও রাষ্ট্রকে এই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।