২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি মহল জঙ্গিবাদ উৎখাতের নামে দেশে বিদেশি শক্তি ডেকে আনার চেষ্টা করছে: নিজামী

জামায়াতে ইসলামীর আমীর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী অভিযোগ করে বলেছেন, একটি মহল দেশকে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদের আখড়া, অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্র করছে। তারা জঙ্গিবাদ উৎখাতের নামে দেশে বিদেশি শক্তি ডেকে আনার চেষ্টা করছে। সরকার সাফল্যের সাথে তাদের ষড়যন্ত্র বানচাল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি দেশের আলেম সমাজকে জাতির অভিভাবক হিসেবে উল্লেখ করে ষড়যন্ত্র মোকাবেলায় তাদের সহযোগিতা কামনা করেন।

শনিবার ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত এক ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আবুল কালাম মুহাম্মদ ইউসুফ।

বোমাবাজি, হত্যা, সন্ত্রাস এবং দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ, সাংসদ আব্দুস সোবহান, দেলাওয়ার হোসেন সাঈদী, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান প্রমুখ।

নিজামী বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এদেশের আলেম সমাজ তা প্রমাণ করেছেন। সরকারের পদক্ষেপের কারণে ইসলামের নামে বোমাবাজি ও সন্ত্রাস সৃষ্টিকারিরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাত্র দু’মাসের মধ্যে বোমাবাজ সন্ত্রাসীদের সকল কর্মকাণ্ড স্তব্ধ হয়ে গেছে।

তিনি বলেন, সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইহুদী গোষ্ঠী নিজেরাই জঙ্গিবাদী সংগঠন জন্ম দিয়ে তা লালন করছে। নিজের লালিত গোষ্ঠী দিয়ে সন্ত্রাস করে তারা ইসলামকে বিভক্ত করার চেষ্টা করছে।