হানিফকে চিকিৎসার জন্যে ব্যাংকক নেয়া হচ্ছে
াকা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফের অবস্থা এখনও আশংকামুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্যে তাকে শুক্রবার ভোরের দিকে এয়ার এম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার মাঝরাতের দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসকসহ এয়ার এম্বুলেন্সটি ঢাকায় পৌঁছার কথা। বারডেম হাসপাতালের সিসিইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) যান্ত্রিক সহায়তায় তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার তার অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানান।
এদিকে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার তুলনামুলকভাবে তার হৃদস্পন্দন বৃদ্ধি পেয়েছে। রক্তচাপ এবং পালস্ এখন প্রায় স্বাভাবিক। তবে এখনও শংকামুক্ত নন তিনি।
এদিকে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বৃহস্পতিবার সাবেক মেয়রকে দেখতে যান।
এর আগে বুধবার রাতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, মেয়র সাদেক হোসেন খোকা মোহাম্মদ হানিফকে দেখতে হাসপাতালে যান। তারা কর্তব্যরত চিকিৎসকদের কাছে মোহাম্মদ হানিফের অবস্থা জানতে চান এবং আশু আরোগ্য কামনা করেন।
বৃহস্পতিবারও হাজার হাজার নেতা কর্মী ও শুভানুধ্যায়ী হাসপাতালে ভিড় জমান।
মোহাম্মদ হানিফের আশু রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ বৃহস্পতিবার আসর নামাজের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এছাড়া সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ হানিফের আশু আরোগ্য কামনা করে শুক্রবার বাদজুম্মা বিশেষ প্রার্থনায় অংশ নেয়ার জন্যে দলীয় নেতা-কর্মীসহ জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম মোনাজাতে অংশ নেয়ার জন্যে এ আহবান জানান।
মোহাম্মদ হানিফ আশু আরোগ্য লাভ করে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
রাজধানীতে বুধবার ১৪ দলের বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মোহাম্মদ হানিফ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
