জনগণ ল’ কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত নয়: মিশেল স্যায়ার্স
কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব ল’ রিফর্ম এজেন্সিজ (ক্যালফা) এর মহাসচিব মিশেল স্যায়ার্স বুধবার বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশ ল’ কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত নয়।
তিনি বলেন, ল’ কমিশনে আরও কমিশনার নিয়োগ দেওয়া উচিত। জনগণকে কমিশন সম্পর্কে অবহিত করতে হবে এবং এটিকে আরও কার্যকর করার জন্য জনগণ ও কমিশনের মধ্যে আন্তঃযোগাযোগ আরও বাড়াতে হবে।
তিনি বলেন, সাবেক বিচারক ও আইনজ্ঞরা এর সাথে সংযুক্ত রয়েছেন। বাংলাদেশের জন্য এটি একটি শুভ দিক।
ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আয়োজিত ‘আইন পরিবর্তনই উত্তম পন্থা: বাংলাদেশ, যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশগুলোতে স্বাধীন আইন সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
ইংল্যান্ড ও ওয়ালেসের ল’ কমিশনের সাবেক প্রধান নির্বাহী মিশেল বলেন, বাংলাদেশ ল’ কমিশন আইন সংস্কারের ব্যাপারে বেশ কিছু রিপোর্ট তৈরি করেছে, কিন্তু তার কোনোটিই এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, এর আগে ১৯৯৮ সালে আমি বাংলাদেশে এসেছি। আসি তখন বাংলাদেশের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সাক্ষাৎ করেছি। বাংলাদেশ ল’ কমিশন ৭১ টি রিপোর্ট প্রদান করেছে, কিন্তু সেগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়নি। আইন সংস্কারের ব্যাপারে আমি ৩০ টি সুপারিশ প্রদান করেছি। বাংলাদেশ ল’ কমিশন নৌ, স্বত্ব, ট্রেডমার্ক, প্রকাশে ধূমপান ও সালিশি বিষয়ে তাদের পাঁচটি রিপোর্ট প্রকাশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের চেয়ারম্যান ড. তসলিমা মনসুর আলোচনা অনুষ্ঠানটি সমন্বয় করেন। এতে বাংলাদেশ আইন সংস্কার প্রকল্পের লিওনেল এ লেভার্ট বক্তব্য রাখেন।
