হত্যা নির্যাতন বন্ধ না করলে পরিণাম হবে ভয়াবহ, প্রতিশোধ নেবে জাগ্রত জনতা: সরকারকে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জোট সরকারের উদ্দেশে বলেছেন, বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা, হামলা, অত্যাচার, নির্যাতন বন্ধ করুন।
সম্প্রতি কেরানিগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত মুক্তিযোদ্ধা ও রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য আনোয়ার হোসেনের পরিবার সদস্যরা মঙ্গলবার বিকেলে সুধাসদনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, জোটের পায়ের তলা থেকে যতো মাটি সরে যাচ্ছে, ততোই ওরা আরও হিংস্র হচ্ছে।
প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্ন করেন, আর কতো মানুষ হত্যা করবেন? বিএনপি জামাত জোট আর কতো রক্ত চায়? এসব হত্যাকা-, অত্যাচার বন্ধ করতে হবে। অন্যথায় এর পরিণাম হবে ভয়াবহ।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মানুষ এসব আর সহ্য করবে না। সেদিন আর দূরে নয়, যেদিন মানুষ জেগে উঠবে। অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবে।
নিহতের পরিবার সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারি সকালে বিএনপি সন্ত্রাসীরা আনোয়ার হোসেনের ওপর সশস্ত্র হামলা চালায়। একদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিনি মারা যান।
নিহতের মা জুলেখা বেগম, বিধবা স্ত্রী রফিজা বেগম, মেয়ে তাহমিনা শেখ হাসিনাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আনোয়ার হত্যার বিচার চান তারা।
শেখ হাসিনা নিহতের পরিবার সদস্যদের সান্ত্বনা এবং সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় নিহতের দু’পুত্র সেলিম ও শাহ্ আলী এবং ছোট ভাই মঙ্গল মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্য এবং যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ বিপু ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার একের পর এক নির্বিচারে মানুষ খুন করছে। একের পর এক শুধু লাশ ফেলছে। মানুষের রক্ত নিয়ে খেলছে। এতো হত্যাকা- আর জুলুম অত্যাচার অতীতে দেখা যায়নি।
তিনি প্রশ্ন করেন, এভাবে আর কতো রক্ত নেবে এ সরকার। আর কতো মায়ের বুক খালি করবে? আর কতো স্ত্রীকে করবে স্বামীহারা, সন্তানকে করবে পিতৃহারা, বোনকে করবে ভাইহারা? আল্লাহ্র গজব পড়বে ওদের ওপর।
আওয়ামী লীগ সভানেত্রী ঢাকা লংমার্চের কথা উল্লেখ করে বলেন, এমন শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকার নানাপভাবে বাধা দিয়েছে। হামলা ও অত্যাচার নির্যাতন চালিয়েছে। গণগ্রেপ্তার করে অত্যাচার করেছে। মারাত্মক আহত অবস্থায় এখনও অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাংলার মানুষ আর এই হত্যা, অত্যাচার নির্যাতন সহ্য করবে না। জাগ্রত জনতা এর প্রতিশোধ নেবে।
