২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সম্মেলনের দাবিতে নেতাকর্মীদের তোপের মুখে লিয়াকত-বাবু

বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের নেতা-কর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দানা বেধে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 05:42 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মঙ্গলবার দলীয় নেতা-কর্মীরা সংগঠনের সভাপতি লিয়াকত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুকে সম্মেলনের তারিখ ঘোষণার জন্যে মধুর ক্যান্টিনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘেরাও করে রাখে। এসময় সম্মেলনের দাবিতে ব্যাপক হৈচৈ ও ধাক্কাধাক্কি হয়।

সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নিয়ম থাকলেও প্রায় পৌনে চার বছর ধরে কোনো সম্মেলন হয়নি। ফলে, দলীয় নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ দানা বাঁধতে থাকে। হল পর্যায়ে অনেক নেতা-কর্মীদেরই শিক্ষাবর্ষ শেষের পর্যায়ে। সবকিছুকে কেন্দ্র করে নতুন কমিটির জন্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা মরিয়া হয়ে উঠেছে।

মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের এক সভায় ৪ মার্চ সম্মেলন ঘোষণা করার কথা ছিলো। কিন্তু, একটি জাতীয় পত্রিকায় নির্ধারিত সময়ে সম্মেলন হচ্ছে না বলে প্রতিবেদন প্রকাশিত হলে নেতা-কর্মীরা সম্মেলনের তারিখ নিয়ে সন্দিহান হয়ে পড়ে। বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দল বেধে মধুর গিয়ে সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে সম্মেলন দাবি করে। এসময় সেখানে ব্যাপক হৈচৈ ও ধাক্কাধাক্কি হয়। তারা সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে গালাগালও করে।  

এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার বিডিনিউজকে বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত তারা দলীয় কর্মী নয়। তারা বহিরাগত। মঙ্গলবার বিকেলে এ ঘটনা তদন্তে একটি কমিটি করা হবে। তিনি সম্মেলনের তারিখ ঘোষণা নিয়ে বিডিনিউজকে বলেন, বৈঠক করে সম্মেলনের তারিখ ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তবে, নেত্রী চাইলে যে কোনো সময় সম্মেলন দেওয়া হবে।

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিডিনিউজকে জানায়, লিয়াকত সিকদার ও নজরুল ইসলাম বাবু নেত্রীর সাথে দেখা করে সম্মেলনের তারিখ পেছানোর আবেদন জানানোয় এ ঘটনার সূত্রপাত হয়েছে।