২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সংসদে যোগ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোববার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের জাতীয় সংসদে যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

পল্টন ময়দানে ১৪ দলের সমন্বয়ে গড়া বিরোধী জোটের চারদিনের লংমার্চ পরবর্তী মহাসমাবেশে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবি উত্থাপনের ঘোষণা দেন। 

শেখ হাসিনার ঘোষণা শেষে রোববার সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, আওয়ামী লীগের পার্লামেন্টে যোগদানের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, রাজপথে থাকার চেয়ে পার্লামেন্টে গঠনমূলক সংলাপে জড়িত হওয়ার ব্যাপারে তারা সক্ষম।

ঢাকাস্থ যুক্তরাজ্যের হাই কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের পক্ষ থেকেও একই ধরনের স্বাগত বক্তব্য দেয়া হয়েছে।

ব্রিটিশ হাই কমিশনের একজন মুখপাত্র বলেন, আমরা নিঃসন্দেহে বিরোধী দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। গণতন্ত্র ও জনগণের জন্য তারা পার্লামেন্টে তাদের ভূমিকা পালন করুক এটা আমরা চাই।

ইউরোপীয় কমিশন ডেলিগেশনের একজন মুখপাত্র বলেছেন, বিরোধী দলের পার্লামেন্টে ফিরে আসার সিদ্ধান্ত খুবই গ্রহণযোগ্য ও উপযুক্ত। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে সংসদ।