লংমার্চ: সরকার-বিরোধী দল মুখোমুখি, গণগ্রেফতার চলছে, রোববার ঢাকা অভিমুখী লাখো জনতা মিলবে পল্টনে
আওয়ামী লীগসহ ১৪ দলের ঢাকা লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি। বিরোধী দলের অভিযোগ, পুলিশসহ পুরো প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে তাদের বড় ধরণের এই রাজনৈতিক কর্মসূচিকে বানচালের সকল প্রক্রিয়া চালাচ্ছে সরকার।
লংমার্চের দ্বিতীয় দিনে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে গণগ্রেফতারের শিকার হয়েছে দু’সহস্রাধিক নেতা-কর্মী। এছাড়াও সরকার দলীয় কর্মী ও সশস্ত্র ক্যাডাররাও দেশের বিভিন্ন স্থানে লংমার্চ পণ্ড করতে তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয় সূত্র ও ১৪ দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।
লংমার্চ শুরুর দিনেই সারা দেশ থেকে কমপক্ষে পাঁচশ’ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র জানায়। তবে ১৪ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত দু’দিনে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ সহস্রাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। শুধুমাত্র ঢাকা থেকেই গ্রেফতার করা হয়েছে পাঁচ শতাধিক নেতা কর্মী। বিরোধী নেতা কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে ব্যাপক হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।
এদিকে লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা জোট সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজধানী অভিমূখে এগিয়ে আসছেন। ‘খালেদা-নিজামী সরকার নিপাত যাক’, ‘সিইসি’র পদত্যাগ চাই’ ইত্যাদি শ্লোগান দিয়ে তারা ঢাকা অভিমুখে অগ্রসর হচ্ছেন বলে বিডিনিউজ’র প্রতিনিধি এবং আয়োজক সূত্রে জানা গেছে। তারা নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের পক্ষেও বিভিন্ন দাবি তোলেন।
সারাদেশ থেকে আগত নেতা কর্মীরা ৫ ফেব্রুয়ারি রোববার ঢাকায় এসে পৌঁছবে। এই কর্মসূচির মাধ্যমে রাজধানী অচল করে দিয়ে জোট সরকার পতন এবং অবাধ নির্বাচনের ব্যবস্থার দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে বিরোধী দলীয় সূত্র জানায়।
রোববার ঢাকা অভিমুখী লংমার্চের মূল কেন্দ্র থাকবে ঐতিহাসিক পল্টন ময়দান। এখানে আয়োজিত সমাবেশ থেকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ পল্টন ময়দানের কেন্দ্রীয় মঞ্চে উপস্থিত থাকবেন।
এদিকে লংমার্চ ঢাকায় পৌঁছার আগে অংশগ্রহণকারীরা পথে বিভিন্ন স্থানে সমাবেশে যোগদান করছেন। বিরোধী জোটের শীর্ষ নেতারা এসব এলাকার লংমাচের্র নেতৃত্ব দিচ্ছেন।
সারাদেশে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা, তল্লাশি, গণগ্রেপ্তার ও পথে পথে বাধার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঢাকা অভিমুখে ১৪ দলের লংমার্চ শুরু হয়।
১৪ দলের সমন্বয়কারী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, সরকার তাদের দলীয় সন্ত্রাসী ক্যাডারদের লেলিয়ে দিয়ে এবং পুলিশ দিয়ে গণহারে গ্রেপ্তার করে বিরোধী জোটের নেতা-কর্মীদের জেলে রাখার মাধ্যমে লংমার্চ ব্যর্থ করতে চাইছে। লংমার্চে অংশগ্রহণকারীরা জোট সরকারের প্রতি অনাস্থা জানিয়ে ঢাকা অবরোধ করতে চলেছে এবং এই কর্মসূচির সাফল্যে সরকার এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।
