২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি’র আপিলের শুনানি ৬ ফেব্রুয়ারি

সুপ্রিম কোর্টে আগামী ৬ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাই কোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা আপিল পিটিশনের শুনানি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

রিট ও আপিল আবেদনকারী কৌসুলিদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ৬ ফেব্রুয়ারি লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করেন।

রিট আবেদনকারী কৌসুলিরা আদালতে লিভ টু আপিল আবেদনের বিরোধিতা করেন।

রিট আবেদনকারী কৌসুলিদের প্রধান ব্যারিস্টার এম আমিরুল ইসলাম আদালতে বলেন, বিচারপতি এম এ আজিজ একই সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আপিল বিভাগের বিচারকের পদে অধিষ্ঠিত রয়েছেন।

তিনি বলেন, মামলার আবেদনকারী হিসেবে প্রধান সিইসি এম এ আজিজ একই সাথে দু’টি সাংবিধানিক পদে অধিষ্ঠিত রয়েছেন। বিচারক হিসেবে তিনি ভোটার তালিকার কাজ অব্যাহত রেখে হাই কোর্টের রায় অমান্য করেছেন। সিইসি যদি কোন মামলা করতে চান, তাহলে তাকে দু’টি পদের একটি ছাড়তে হবে।

ব্যারিস্টার আমিরুলের ভাষায়, মামলার আবেদনকারী যেখানে নিজেই একজন বিচারক সেখানে তিনি লিভ টু আপিল করতে পারেন না।

ব্যারিস্টার আমিরুল যুক্তি দেখান, হাই কোর্টের রায় যদি কোন সাধারন লোকের উপর বর্তায় তাহলে তিনি রায় মেনে নিয়ে আদালতে আপিল আবেদন দাখিল করতে পারেন। সিইসি বিচারপতি আজিজ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে হাই কোর্টের রায় অমান্য করে আসছেন। তিনি হাই কোর্টের কোন রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন না।

এদিকে ইসি’র পক্ষের আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাই কোর্টের দেয়া রায়ের উপর স্থগিতাদেশ প্রদান করতে আদালতে আবেদন জানান।

২০০০ সালে প্রস্তুতকৃত বিদ্যমান ভোটার তালিকা পুনর্বিন্যাস করে পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রণয়ন, ১৮ বা তদুর্ধ বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তকরণ ও মৃত ও মানসিক ভারসাম্যহীনদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া এবং পূর্ণ ভোটার তালিকা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হাই কোর্টের এ তিন নির্দেশনার বিপক্ষে ইসি বুধবার সুপ্রিম কোর্টে একটি আপিল আবেদন দায়ের করে।

অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম, ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাডভোকেট আজহারুল্লা ভুইয়া, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ আদালতে মামলা পরিচালনায় ব্যারিস্টার আমিরুল ইসলামকে সহায়তা করেন। অপরদিকে ইসি’র পক্ষে অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমেদকে মামলা পরিচালনায় সহায়তা করেন অ্যাডভোকেট খোশনাবিশ ও তৌফিক ইনাম টিপু।