এরশাদের নির্বাচন শেষ
জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি আপিলই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। এর প্রতিক্রিয়ায় দলের মহাসচিব বলেছেন, এরশাদের ন্যায়বিচার না পাওয়ার পিছনে বড় কোনো হাত আছে। তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এরশাদ সাংবাদিকদের বলেন, তিনি কখনোই সুবিচার পাননি, এটা আবারও প্রমাণ হয়েছে। রায় ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত এরশাদ সমর্থক আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং ‘নো এরশাদ, নো ইলেকশন’ বলে শ্লোগান দেন। সিনিয়র প্রতিবেদক বিপ্লব রহমান জানাচ্ছেন বিস্তারিত
মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের তিনদিনব্যাপী শুনানির প্রথমদিনে নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক বিপ্লব রহমান জানান, কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার সকাল ১০টার কিছু পরে শুনানি শুরু হয়। এসময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানসহ অপরাপর কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসাইন চৌধুরী এবং সাইফুল আলম উপস্থিত ছিলেন।
সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘন্টা শুনানির পর বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত এরশাদ সমর্থক আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন।
এরশাদ সমর্থক প্রায় ৫০ জন আইনজীবী নির্বাচন কমিশন সচিবালয়ের রাস্তায় শ্লোগান দেন, ‘এরশাদ ছাড়া নির্বাচন হবে না, হবে না’, ‘নির্বাচন কমিশনের রায় মানি না, মানবো না’, ‘ষড়যন্ত্রের নির্বাচন হবে না’।
শুনানির পর নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, গত ১৬ বছর ধরে বার বার এরশাদের বিরুদ্ধে এধরনের ষড়যন্ত্র হচ্ছে। তিনি কখনও ন্যায়বিচার পাননি। আজকেও ন্যায়বিচার উপেক্ষিত হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা উচ্চ আদালতে যাবো। সেখানে ন্যায়বিচার না পেলে জনতার কাতারে যাবো। জাতীয় পার্টি এ পরিস্থিতিতে নির্বাচনে যেতে পারে না। আমরা ন্যায়বিচার না পাওয়ার পিছনে বড় কোনো হাত আছে।”
তিনি অভিযোগ করে বলেন, হাওয়া ভবনের লোক সব জায়গায় বসে আছে।
এসময় পাশেই উপস্থিত এরশাদ সমর্থক আইনজীবীরা শ্লোগান দেন, ‘নো এরশাদ, নো ইলেকশন’।
এরশাদের আইনজীবী অ্যাডভোকেট কাজী সিরাজুল ইসলাম বিক্ষুব্ধ আইনজীবীদের শান্ত করে বলেন, “২৮ ডিসেম্বর জেলা নির্বাচনী কর্মকর্তারা সম্পূণ উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনীভাবে এরশাদের মনোনয়ন বাতিল করে দেন। আমরা আশা করেছিলাম, নির্বাচন কমিশন তাকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে দেবেন। কিন্তু আজ দেখলাম, আইন স্বাভাবিক গতিতে চলছে না। আইন নিয়ন্ত্রিত হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আইনের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী কাজ করেনি। এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক প্রতিহিংসা চলছে।
এটা বলার পিছনে আপনাদের যুক্তিটা কি-এ প্রশ্ন করা হলে সিরাজুল ইসলাম বলেন, এর কারণ হচ্ছে, নির্বাচনে যাওয়ার জন্য এরশাদ সম্পূর্ণ বৈধ। যে মামলার কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হলো সেই মামলায় ১৯৯৭ সালেই তার সাজা খাটা শেষ হয়ে গেছে। তার কোনো সাজা নেই এখন। কিন্তু নির্বাচন কমিশন সেটা বিবেচনায় নেয়নি।
নির্বাচন কমিশন কি কোনো যুক্তি দেখিয়েছে এ জন্য? এর জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো যুক্তি দেখাননি। তারা শুধু বললেন, আপনারা উচ্চ আদালতে যান।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কমিশনকে এই রায়ের নকলের জন্য দরখাস্ত দেব। আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখবো। তারপরে কি করা যায় সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।”
এদিকে এ মুহূর্তে রংপুরে অবস্থানকারী জাপা চেয়ারম্যান এরশাদ স্থানীয় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “আমি কখনোই সুবিচার পাইনি। এটা আবারও প্রমাণ পেলো।” দেশ এখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলছে বলে তিনি অভিযোগ করেন।
রুহুল আমিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ দলের চেয়ারম্যান রংপুর থেকে ফেরার পর সোমবার রাত ১০টায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে, ‘এরশাদ ছাড়া কোনো নির্বাচন নয়’। তবে আমরা মহাজোটে আছি। তারা কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখতে হবে। আমরা আশা করি, আমাদের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মহাজোট কর্মসূচি দেবে।”
এদিকে আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক বলেছেন, “এরশাদের প্রতি অবিচার করা হয়েছে কি না তা আমি বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রতি অবিচার করা হয়নি।”
এরশাদের প্রার্থিতা সংক্রান্ত আপিল খারিজ হওয়ার পর সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে জাপা চেয়ারম্যান ঢাকা-৫, সিলেট-৩, হবিগঞ্জ-৩, রংপুর-৩ এবং লালমনিরহাট-৩ আসনে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। পরদিন ২৭ ডিসেম্বর বুধবার বাছাইয়ের তারিখে এরশাদের পাঁচটি আসনের মনোনয়ন পত্রই বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। জাপানী নৌযান ক্রয় সংক্রান্ত মামলার রায় স্থগিতের বিরুদ্ধে এরশাদের আবেদন আদালত খারিজ করে দেওয়ায় নির্বাচনে তাঁর প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়। এর বিরুদ্ধে গত শুক্রবার নির্বাচন কমিশনে আপিল করেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট কাজী সিরাজুল ইসলাম।
২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে চার হাজার ১৪৬টি মনোনয়ন পত্র জমা পড়ে। এর মধ্যে বাতিল হয় ২৬৪টি। ঋণ খেলাপির অভিযোগে ১৯৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়।
গত তিনদিন ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে মোট ১২৪টি আবেদন জমা পড়ে। রোববার এবং ১ জানুয়ারি ও ২ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলের সেশনে শুনানি চলবে।
বিকাল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৭৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩০টি আপিল গৃহীত এবং ৪৫টি নাকচ করে দেওয়া হয়েছে।
ঋণ খেলাপির অভিযোগে রাঙামাটি আসনে বাতিল হয়ে যাওয়া লক্ষ্মী প্রসাদ চাকমার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্যদিকে একই অভিযোগে বরিশাল-২ আসনে গোলাম ফারুক অভি এবং কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য আসন্ন নির্বাচনে চার হাজার ১৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিগত নির্বাচনের চেয়ে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। ২০০১ এর ১ অক্টোবরের নির্বাচনে দুই হাজার ৫৬৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
