২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকে নির্বাচন করতে না দিলে রংপুরে গণআন্দোলনের হুমকি

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা না হলে বৃহত্তর রংপুরে গণআন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে ‘মহাজোট’। এর আগে বৃহস্পতিবার সকালে হরতাল চলাকালে মহাজোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রংপুর শহর রণক্ষেত্রে পরিণত হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এ সময় পুলিশ কমপক্ষে তিনশ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে। এতে কয়েকজন সাংবাদিকসহ দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে পুলিশের পাশাপাশি বিডিআর ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জানাচ্ছেন সুপ্রীতি ধর।

জানা গেছে, মহাজোটের সমর্থক বিক্ষোভকারীরা দুপুর ১২টা নাগাদ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কর্মী-সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদের ব্যাপক লাঠিপেটা করলে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তা-কর্মচারিরা জেলা প্রশাসকের কার্যালয় ছেড়ে পালিয়ে যান।

প্রথম আলোর সাংবাদিক আরিফুল হক রুজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ চলাকালে লোকজন জেলা প্রশাসকের সঙ্গে লাগোয়া প্রথম আলো কার্যালয়ে আশ্রয় নিলে পুলিশ সেখানেও হানা দেয় এবং বেধড়ক লাঠিচার্জ করে। এসময় তিনি নিজেও আহত হন। নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি এখন মোটামুটি শান্ত হলেও সংঘর্ষের খবর পেয়ে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মহাজোটের কর্মী-সমর্থকরা বাস ও ট্রাকভর্তি করে এসে শহরে অবস্থান নিয়েছে।

রুজু আরও জানান, আহতদের অধিকাংশই রাবার বুলেটবিদ্ধ। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন জাপা কেন্দ্রীয় নেতা ও রংপুর পৌর চেয়ারম্যান আবদুর রউফ মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোসাদ্দেক হোসেন বাবুল, সদর উপজেলা জাপা সভাপতি মোস্তাফিজার রহমান, কাঠমিস্ত্রি রাশিদুল ইসলামসহ শতাধিক নেতা কর্মী।

রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। তাঁর কার্যালয়ে বিডিআর ও সেনাবাহিনী এখনও মোতায়েন আছে। সংঘর্ষের ব্যাপারে তিনি কিছুই জানেন না। বছর শেষে হিসাব নিকেশের কাজে ব্যস্ত থাকায় এর চেয়ে বেশি কিছু তিনি বলতে অস্বীকৃতি জানান।

রংপুরের পুলিশ সুপার হাসিব আজিজের সঙ্গে ঢাকা থেকে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল ১১টার নাগাদ জেলা প্রশাসক কার্যালয়ে তাদের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা চলাকালে হঠাৎ করে লোকজন সেখানে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং দেয়াল টপকে কার্যালয়ে ঢোকার চেষ্টা চালায়। এসময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে শ দেড়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হয়।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে মারমুখী থাকায় তারা ‘অ্যাকশন’ এ যেতে বাধ্য হন। সংঘর্ষে কতজন আহত হয়েছেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একজনের মাথায় আঘাত লেগেছে বলে তিনি শুনেছেন। তবে দুই শতাধিক আহত হওয়ার মতো কোনো সংঘর্ষ সেখানে হয়নি বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার হাসিব আজিজ সন্ধ্যার পর পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেন। তবে এজন্য তারা প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন।

এদিকে সন্ধ্যার পর জেলার জাহাজ কোম্পানির মোড়ে এক সমাবেশে মহাজোটের নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়ন পত্র বৈধ করা না হলে বৃহত্তর রংপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

নেতারা বলেন, রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কোনো খাদ্যপণ্য বা মালপত্র আনা-নেওয়া করা হবে না। এমনকি ভোট করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন নেতারা।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা অবশ্য বলেন, ঈদের পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্রীয়ভাবে মহাজোট যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে বলেও তারা জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপা সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা, জেলা জাপা সহ সভাপতি নজরুল ইসলাম কালু, পৌর চেয়ারম্যান আবদুর রউফ মানিক, মুস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।

এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, শহরের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তায় রাস্তায় বিডিআর সদস্যরা টহল দিচ্ছে।

বুধবার দেশের পাঁচটি আসনে এইচ এম এরশাদের দাখিল করা মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণার প্রতিবাদে বৃহত্তর রংপুরসহ উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।