নির্বাচন প্রভাবিত করার মত প্রকল্প গ্রহণ করা যাবে না
আসন্ন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে ভোট প্রাপ্তি অথবা প্রচারণায় ব্যবহার হতে পারে এমন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে না স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো।
এছাড়া তারা একই কারণে কোনো ব্যক্তি বা সংস্থাকে অনুদান অথবা কোনো ধরণের প্রতিশ্রুতিও দিতে পারবে না।
এ দু’টি নির্দেশ ছাড়াও নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন ধরণের কাজ থেকে বিরত থাকার জন্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে মোট দশটি বিষয়ে এই নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থেই এই সিদ্ধান্ত। কারণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত অধিকাংশ প্রতিনিধি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিভাগ।
দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের স্থানীয় সরকার বিভাগে এই নির্দেশগুলো পৌঁছে দেয়া হয়েছে।
বুধবার থেকে কার্যকর হয়ে নির্বাচনের পরের ১৫ দিন পর্যন্ত জারি করা নির্দেশাবলী বলবৎ থাকবে।
দশ দফা নির্দেশনার মধ্যে আরও বলা হয়েছে –স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা তাদের পদর্মযাদা ও সরকারি সুযোগ সুবিধা কোনো প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ও কর্মচারী প্রার্থীর নির্বাচনী কাজে বা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি প্রতিষ্ঠানের কোনো অফিস, যানবাহন বা অন্যান্য সম্পত্তি কোনো প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। এমনকি অর্থের বিনিময়ে ওইগুলো ব্যবহার করার সুযোগ দেওয়া চলবে না।
স্ব-স্ব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। একই সঙ্গে নির্বাচনী অফিস বা প্রতীক বা পোস্টার নষ্ট করার যে কোনো ধরণের তৎপরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে প্রয়োজনীয় সহায়তা দেবে স্থানীয় সরকার সংশ্লিষ্টরা।
নির্বাচনী মিছিল, সভা ও প্রচারণা যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকও লক্ষ্য রাখতে বলা হয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে।
ভোটকেন্দ্র নির্মাণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সব কাজে প্রয়োজনে যাবতীয় সহায়তা দেবে স্থানীয় সরকারের কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন যে সব আদেশ নির্দেশ জারি করেছে অথবা করবে তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে।
