খেলাফত প্রশ্নে সংবাদপত্র ভুল করেছে: ওবায়দুল কাদের
অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আদর্শ ও চেতনা থেকে আওয়ামী লীগ সরে আসেনি। খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগের চুক্তিকে সংবাদপত্রে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি নিয়ে দলের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে সুধাসদনে সোমবার ১৪ দলের শরীক নেতৃবৃন্দের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
বৈঠক শুরু হয় বেলা পৌনে ১১ টায়। শেষ হয় দুপুর সোয়া ১২ টায়।
বৈঠকে সংবাদপত্রের মাধ্যমে আওয়ামী লীগের অবস্থান দেশের জনগণকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওবায়দুল কাদের বলেন,“বিষয়টি নিয়ে দলের সভানেত্রীর সঙ্গে শরিক দলের নেতৃবৃন্দের কথা হয়েছে। এ ব্যাপারে নিজেদের মধ্যে কোনো সমস্যা হবে না।”
জাসদ নেতা হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “১৪ দল এর আগে যে ৩১ দফা জনগণের সামনে তুলে ধরেছিল তার দ্বিতীয় দফায় অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রয়েছে।”
তিনি আরো বলেন, “এ জন্য আমরা অতীতে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব। আজকের সভায় এ বিষয়টি আবারও স্পষ্ট করা হয়েছে। অসাম্প্রদায়িক রাজনীতির পথ থেকে আমরা এক পা-ও সরে যাইনি।”
বৈঠকে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শিরিন আক্তার, অসিত বরণ, পঙ্কজ ভট্টাচার্য, নুরুল ইসলামসহ ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
