নতুন তফসিলে সবাই নির্বাচনে যাবে, জাকারিয়া ছুটিতে: মাহফুজ
মনোনয়ন জমার শেষ সময় দুই দিন বাড়ানোর পর দেশের সব রাজনৈতিক দলই নির্বাচনে যাবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান।
৩১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার স ম জাকারিয়া ছুটিতে থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি। কবে থেকে তার ছুটি শুরু হলো এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “যখন থেকে তাকে দেখছেন না।”
বুধবার রাতে উপদেষ্টাদের সর্বসম্মত সিদ্ধান্তের পর বৃহস্পতিবার থেকে জাকারিয়া আর অফিস করছেন না ।
রোববার দুপুরে মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ গ্রহণের সম্মতি পেয়েই তফসিল পরিবর্তন করা হলো।”
তিনি বলেন, “এর আগেও আমরা কয়েকবার তফসিল পরিবর্তন করেছি। আশা ছিলো, নির্বাচন সব দল অংশ নেবে। আপনাদের মাধ্যমে আমরা বার বার আবেদনও জানিয়েছি। যখন বুঝলাম, মনোনয়ন দাখিল ও বাছাইয়ের তারিখ একটু পেছালেই সব দল নির্বাচনে আসবে, তখন এই দুটি তারিখে পরিবর্তন আনা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহার ও ভোট গ্রহণের তারিখ ঠিক থাকবে।”
ভারপ্রাপ্ত সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলোর সম্মতি যেভাবেই হোক, আমরা পেয়েছি। গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত আমরা তফসিল পরিবর্তন করিনি। দলগুলোর কাছ থেকে ইঙ্গিত পেয়ে আজ (রোববার) সকাল সাড়ে ১০টায় এই পরিবর্তন এনেছি।”
তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধের কারণে নির্বাচনের তফসিল বদলানো হলো কি-না এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “আই ডোন্ট কেয়ার ফর সরকার।”
মাহফুজুর রহমান আশা করেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন করা সম্ভব হবে।
পঞ্চম দফায় নির্বাচনী তফসিল ঘোষণার পরও সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে ব্যর্থ হলে করণীয় সম্পর্কে তিনি বলেন, “এ ক্ষেত্রে আমাদের করার কিছু নেই।”
ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত এটি করা হবে। আদালত আমাদের বলেছে, ২০০০ সালের ভোটার তালিকায় হাত দেওয়া যাবে না। এটিকে ঠিক রেখে আমাদের হালনাগাদ কাজ করতে হয়েছে।”
কিন্তু এর পরেও পুর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে ১৪ দলের যে অভিযোগ আছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে মাহফুজ বলেন, “নো কমেন্ট। তারপরেও এ বিষয়ে জানতে চাইলে আপনারা সচিব আব্দুর রশীদ সরকারের কাছে যান।”
১৪ দলের প্রতিনিধি দল প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার মাহফুজুুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর বলেছিলেন, সংবিধানে ভারপ্রাপ্ত সিইসির কোনো পদ নেই বলে কমিশনটিই অসাংবাধিানিক হয়ে পড়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এর ব্যাখ্যা তো আমি একাধিকবার দিয়েছি; আইনও দেখিয়েছি।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন কি কি পদক্ষেপ নিচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, “ওয়েট অ্যান্ড সি।”
আইন অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের পর বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের আপিল করার জন্য তিনদিন সময় দিতে হয়; কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “সব ছুটি বাতিল করা হয়েছে। এ সময়ের মধ্যেই আপিল করা যাবে।”
এদিকে রোববার সকালে পঞ্চম দফায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
পরিবর্তিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। পাশাপাশি জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ের তারিখও ২৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবর্তিত তফসিলের কথা জানানো হয়। অবশ্য পরিবর্তিত তফসিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ জানুয়ারি এবং ভোটের দিন ২২ জানুয়ারি অপরিবর্তিত রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশনারদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সেখানে সচিব আব্দুর রশীদ সরকারও উপস্থিত ছিলেন।
