৯০ দিনের মধ্যে আ. লীগের নির্বাচনে যাওয়া এখনও অনিশ্চিত
আওয়ামী লীগ ৯০ দিনের সময়সীমার মধ্যে নির্বাচনে অংশ নেবে কি নেবে না তা এখনও নিশ্চিত নয়।
৯০ দিনের মধ্যে নির্বাচনে যাওয়া ও ২৪ তারিখের মধ্যে মনোনয়ন পত্র জমা দেবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কোনো কিছুই নিশ্চিত নয়। আবার কোনো কিছু অনিশ্চিতও নয়। অপেক্ষা করেন সব কিছু দেখতে পাবেন।”
শুক্রবার সকালে ধানমণ্ডির সুধাসদনের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল একথা বলেন।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বৈঠকের পর সুধাসদনের সামনেই আবদুল জলিল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
জলিল বলেন, সকল উপদেষ্টার স্বাক্ষরিত গুচ্ছ প্রস্তাব অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে সাবেক যুগ্মসচিব জানেবুল হকের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু দুজন বিতর্কিত কমিশনারকে বাদও দেওয়া হয়নি এবং জানেবুল হককেও নিয়োগ দেওয়া হয়নি।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “আমাদের নেত্রীর কাছে যে গুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছিল তা খণ্ডিতভাবে মেনে নেওয়া হয়েছে। পুরোটা বাস্তবায়িত হয়নি। খণ্ডিতভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা এটা চাই না।”
তিনি অভিযোগ করেন, সাজানো নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ,“নির্বাচন না করলে এক মিনিটেই ‘না’ বলা যায়। কিন্তু আমাদের ‘হ্যাঁ’ বলতে হলে আমাদের কিছু প্রস্তুতি দরকার।”
তবে একটি সূত্র নিশ্চিত করেছে, মহাঐক্যজোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেবে কি নেবে তা চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে শেখ হাসিনার সঙ্গে এরশাদের বৈঠক হয়েছে। বিকালে এলডিপির সঙ্গে আবদুল জলিলের বৈঠক হওয়ার কথা রয়েছে।
