২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাবি আদায় না হলে রাষ্ট্রপতি দুর্ভোগে পড়বেন’

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার বলেছেন, “হরতালের মাধ্যমে দাবি আদায় না হলে বঙ্গভবন লাগাতার ঘেরাও কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ কে বড় দুর্ভোগে ফেলা হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার ১৪ দলের ডাকা হরতালের এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রধান অন্তরায় রাষ্ট্রপতি।

বঙ্গভবন থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, গত মঙ্গলবার বঙ্গভবন থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সভানেত্রী তাদের সুষ্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগে ভোটার তালিকা হালনাগাদ করে বর্তমান তফসিল বাতিল করতে হবে। এরপর আলোচনা হবে ।

ঢাকা মহানগর ১৪ দলের আহবায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম, অসীত বরন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় জানানো হয় মোট ৩৫ টি স্পটে হরতালের সমর্থনকারী নেতাকর্মীরা অবস্থান করবে।

এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্পট হলো গাবতলী বাস স্ট্যান্ড, মিরপুর ১০ নম্বর গোল চক্কর, মহাখালী, ফার্মগেট, যাত্রাবাড়ি চৌরাস্তা, সদরঘাট, শাপলা চত্বর, নূর হোসেন স্কয়ার, লালবাগ কেল্লার মোড় এবং হাইকোর্টের সামনে কদম ফুল ফোয়ারা।