২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের দ্বিতীয় দিনের বৈঠকও ব্যর্থ

রাজনৈতিক সংকটের জট খুলতে টানা দ্বিতীয় দিনের বৈঠকেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তত্ত্বাধায়ক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মঙ্গলবার রাতে বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাত ৯টা ৩৫ মিনিটে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, “প্রধান দুই জোট ঘোষিত দাবি দাওয়া নিয়ে আমরা আলোচনা করেছি।”

বুধবার বেলা ১১টায় পরিষদ আবার বৈঠকে বসবে জানিয়ে তিনি বলেন, “সংকট নিরসনের একটি চেষ্টা চলছে। কিন্তু সব পক্ষের মিল না হওয়ায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছি না।”

১৪ দলীয় জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে গঠিত ‘মহাজোট’ এর নির্বাচন পেছানোর দাবি এবং ৪ দলের ৯০ দিনের মধ্যে ভোট অনুষ্ঠানের পাল্টা দাবি সম্পর্কে সরকারের অবস্থানের ব্যাপারে তথ্য উপদেষ্টা বলেন, “আগামীকালের (বুধবার) বৈঠকের পর এ বিষয়ে জানতে পারবেন।”

‘মহাজোট’ এর বেঁধে দেয়া ২৪ ঘণ্টা সময়সীমা সম্পর্কে তিনি বলেন, “২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টার বিষয় নয়, আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষের একমত হওয়াটাই জরুরি।”

শেষ পর্যন্ত যদি ঐকমত্য না হয় তাহলে কী হবে-বঙ্গভবনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের এমন অনেক প্রশ্নের মুখে পড়ে দৃশ্যত বিব্রত মাহবুবুল আলম বলেন, “আমরা কোনো কিছু করতে না পারলে বুঝতে হবে কপাল খারাপ।”

মঙ্গলবার রাতের বৈঠকে প্রধান দুই রাজনৈতিক জোটের মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি ও দাবিদাওয়া নিয়েই আলোচনা হয়েছে।

এ সব বিষয়ে দুই পক্ষকে অভিন্ন অবস্থানে নিয়ে আসার নানান চেষ্টা চলছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “কী প্রক্রিয়ায়, কীভাবে, কোন মেকানিজমে চেষ্টা চলছে সেটি খোলাখুলিভাবে বলা সম্ভব নয়। অতীতে এ ধরনের কথা বলায় অসুবিধা হয়েছে।”

নির্বাচনের তফসিল, মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহারের তারিখ, ভোটের তারিখ, নির্বাচন কমিশন সংস্কারসহ সব রাজনৈতিক ইস্যু নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মাহবুবুল আলম বলেন, “আপনারা তো জানেন আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে শাসনতান্ত্রিক ধারা বজায় রাখার।”

৫৩ দিনে তত্ত্বাবধায়ক সরকার সংকট নিরসনে কী করতে পেরেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা তো দেখেছেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”