২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না: রাষ্ট্রপতিকে জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

একইসঙ্গে তিনি বৃহস্পতিবারের হরতালের আগেই সাধারণ নির্বাচনের তফসিল এবং ঘোষিত নির্বাচনের তারিখ বাতিলের অনুরোধ জানান।

মঙ্গলবার রাতে শেরেবাংলা নগরে নিজের ন্যাম ফ্ল্যাটে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে আবদুল জলিল সাংবাদিকদের বলেন, “মহামান্য রাষ্ট্রপতিকে আমার অনুরোধ, দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। আপনার একগুয়েমির জন্য জাতিকে রক্ত দিতে বাধ্য করবেন না।”

রাষ্ট্রপতির উদ্দেশে জলিল আরও বলেন, “২১ ডিসেম্বরের হরতালের আগেই নির্বাচন অনুষ্ঠানের তারিখ এবং তফসিল বাতিল করুন। কারণ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই নির্বাচনী তফসিল ঘোষণা অসাংবিধানিক।”

জলিল বলেন, একপাক্ষিক নির্বাচন আয়োজনের কোনো ধরনের চেষ্টা করা হলে তা হবে অসাংবিধানিক এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে সংবিধান অনুযায়ী সেখানে নতুন একজনকে নিয়োগ দেওয়ার দাবি করেন।

খালেদা জিয়ার নির্দেশে রাষ্ট্রপতি একপাক্ষিক নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াত জোটকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করছেন বলে দাবি করে জলিল বলেন, তার (রাষ্ট্রপতি) অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, “গতকাল (সোমবার) ১৪ দলীয় জোট, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রাটিক পার্টি, জাকের পার্টি এবং ইসলামী ঐক্যজোটের যৌথ ঘোষণা হচ্ছে জনতার সম্মিলিত দাবি।”

সমস্ত জাতি এই ঘোষণার মাধ্যমে এক্যবদ্ধ হয়েছে দাবি করে তিনি বলেন, “রাষ্ট্রপতিকে অবশ্যই জনগণের আকাক্সক্ষাকে সম্মান করতে হবে।”

একতরফা নির্বাচন নির্বিঘ্ন করতে জনগণের বিপক্ষে সেনা মোতায়েনের ষড়যন্ত্র চলছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

খালেদা জিয়ার সমালোচনা করে তিনি প্রশ্ন করেন, “নির্বাচন আয়োজনে সেনা মোতায়েনের নির্দেশনা দেওয়ার তিনি কে?”

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।