‘সুষ্ঠু নির্বাচনের জন্য যত টাকা লাগে দেওয়া হবে’
ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. শোয়েব আহমেদ ১০০ কোটি টাকা বরাদ্দের পর্যায়গুলো রোববার সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
সাংবাদিকদের তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য যত টাকা লাগে দেওয়া হবে।”
উপদেষ্টা জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনের জন্য বরাদ্দ করা ১২ কোটি টাকা এর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আরো ৫৭ কোটি টাকা শিগগিরই ছাড় করা হবে। বাকি ৩১ কোটি টাকা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী যে কোনো সময় দেওয়া হবে।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা রোববার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন। শোয়েব আহমেদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব টাকা দেওয়ার প্রস্তুতিই সরকারের রয়েছে।
অবশ্য নির্বাচন কমিশনকে অর্থ সাহায্য বা ঋণ না-কি অন্য কোন খাত থেকে অর্থ দেওয়া হবে সেসম্পর্কে কিছু জানাননি উপদেষ্টা।
খেলাপি ঋণ আদায় বা ঋণখেলাপিদের নির্বাচনে অযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করে উপদেষ্টা শোয়েব আহমেদ বলেন, “কেন্দ্রীয় ব্যাংক একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। এ ব্যাপারে তারা স্বতপ্রণোদিত হয়েই কাজ করছে। তাই রোববার গভর্ণরের সঙ্গে বৈঠক হলেও এ বিষয়ে কোনো কথা হয়নি।”
নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন বিষয়ে সরকারের নীতি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়ে বলেন, “এ বিষয়ে দু’একদিনের মধ্যেই হয়তো কথা বলতে পারি। এ মুহূর্তে বিশেষ কোনো বার্তা নেই।”
নির্বাচনে সব দলের অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টা সব দলকে নির্বাচনে আনার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকেই এ জন্য কাজ করতে হবে। তাই এ বিষয়ে কথা না বলে বরং আমরা কাজের দিকেই জোর দিচ্ছি।”
ড. শোয়েব আহমেদ জাতীয় জীবনে সকল দলের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “সব রাজনীতিবিদই আমাদের শ্রদ্ধাভাজন। তারা সবাই দেশ গড়ার জন্য কাজ করছেন। তারা যার যার রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য থেকে নিজের নিজের কাজ করছেন। সকল উপদেষ্টারও নিয়মিত দায়িত্বের পাশাপাশি নির্বাচনের জন্য কাজ করার দায়িত্ব রয়েছে। সকল নাগরিক ও মিডিয়াকেও এজন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
