গুচ্ছ প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ থেমে আছে
গুচ্ছ প্রস্তাব বাস্তবায়নে উপদেষ্টাদের উদ্যোগ থমকে আছে। উপদেষ্টা ধীরাজ কুমার নাথ শনিবার এবিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে আমি কয়েক দিন ধরে ভীষণ ব্যস্ত। প্যাকেজ প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে কিছু বলতে পারবো না। তবে কিছু হলে আমি জানতাম।”
আরেক উপদেষ্টা শফিকুল হক চৌধুরীও শনিবার সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, এ বিষয়ে কাজ এগোয়নি এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও প্রস্তাব নিয়ে এখনো তার কোনো কথা হয়নি।
১৩ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্যাকেজের অবশিষ্ট অংশ বাস্তবায়নের জন্য নতুন করে উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা হয়।
কিন্ত গত তিন দিনে ১৪ দল বা চারদলীয় জোটের কাছে এ সংক্রান্তে কোনো প্রস্তাব পাঠানো হয়নি। এমনকি কোনো উপদেষ্টা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য জোট দুটির নেতাদের কাছে যাননি।
সেনা মোতায়েন, গুচ্ছ প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থতাসহ নানা কারণে চার উপদেষ্টা পদত্যাগ করেন ১১ ডিসেম্বর। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ কারো সঙ্গে আলোচনা না করে ২৪ ঘন্টার মধ্যে নিয়োগ দেন নতুন চার উপদেষ্টাকে।
নতুন নিয়োগ পাওয়া চার উপদেষ্টার একজন শফিকুল হক চৌধুরী প্রথম দিন অফিসে এসে সাংবাদিকদের বলেন, “পদত্যাগী উপদেষ্টারা প্যাকেজ বাস্তবায়নের পথ সহজ করে দিয়ে গেছেন”।
একই দিন বঙ্গভবনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে”।
কিন্ত বাস্তবে এ বিষয়ে কোনোই অগ্রগতি নেই বলে রাজনৈতিক এবং উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে। উপদেষ্টারা ব্যস্ত সময় কাটিয়েছেন বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে তিনটি বড় অনুষ্ঠান তাদের তত্ত্বাবধান করতে হচ্ছে। সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধানিবেদন, জাতীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান।
