২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ১৪ দলের ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবি নাকচ করে দিয়ে বলেছেন, ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই নির্বাচন পেছানোর কোনো এখতিয়ার কারোর নেই। ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন হতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বিএনপির মহাসচিব ১৪ দলকে আর কোনো দাবি না দেওয়ার অনুরোধ করে নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

শনিবার সন্ধায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা ভাসানী মিলনায়তনে ঢাকার পাশের ৬ জেলার বিএনপির সাবেক সাংসদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরী সভায় মান্নান ভূঁইয়া এসব কথা বলেন।

সভায় ১৯ ডিসেম্বর রাজধানীর পল্টন ময়দানে বিএনপির মহাসবাবেশকে সফল করার জন্য ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতা-কর্মীদের উপস্থিতির বিষয়ে আলোচনা করা হয়।

মান্নান ভূঁইয়া নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিএনপি একটি নির্বাচনমুখী দল, ২১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের আগে পল্টনের মহাসমাবেশই হবে চারদলীয় জোটের সর্বশেষ প্রাক নির্বাচনী সমাবেশ। এরপর নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারের কাজে নামবেন।”

২৮ থেকে ৩০ অক্টোবর দেশব্যাপী অরাজকতা এবং সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসসহ জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় ১৪ দলকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন,“ওই সব ঘটনায় তারা জনগণের আস্থা হারিয়েছে। ভোট হলেই তারা বুঝতে পারবে জনগণ তাদেরকে সাধুবাদ জানাবে না কি ঘৃণা করবে।”

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুবদলের সভাপতি বরকত উল্লাহ বুলু প্রমুখ।