হাইকোর্টের রায়ের সমালোচনা আদালত অবমাননার সামিল: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের দুর্নীতির মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ১৪ দলের বিবৃতি আদালত অবমাননার সামিল।
শুক্রবার বিকেলে রমনা বটমূলে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “মাস দুয়েক আগে এরশাদ সাহেব যখন চারদলীয় জোটে যাওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন, তখন তাকে চোর বলা হয়েছিলো। এখন সেই চোরের জন্যই তাদের কি দরদ। সহানুভূতি জানাতে ১৪ দলের অনেকেই তার বাসায় গিয়ে হাজির হয়েছেন।”
মান্নান ভূঁইয়া এরশাদের কথা উল্লেখ করে বলেন,“গত দুই মাস তিনি অনেক ঘুরা ফেরা করেছেন। এই যাওয়া তার শেষ যাওয়া না। শেষ যাওয়া কোথায় হবে সেজন্য অপেক্ষা করুন।”
তিনি ১৪ দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে আসুন। জনগণই নির্ধারন করবে কারা ক্ষমতায় যাবে।”
মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, কে এম ওবায়দুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, শাহজাহান সিরাজ, ব্যারিস্টার শাহজাহান ওমর, আশরাফ হোসেন, মির্জা আব্বাসসহ অঙ্গ সংগঠনের নেতারা।
বিএনপি মহাসচিব স্বাধীনতার ঘোষক হিসেবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করে বলেন, “তার ঘোষণায় এদেশের মুক্তি পাগল মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।
“মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো তা আজও পুরণ হয়নি। কিছু রাজনৈতিক মহল ও ব্যক্তি বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় র্লিপ্ত রয়েছে।
“তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে। সামনে আরো অগ্রগতি হবে।”
আওয়ামী লীগের সমালোচনা করে মান্নান ভূঁইয়া বলেন, “তাদের দলে থাকলেই ভালো মানুষ ও মুক্তিযোদ্ধা হওয়া যায়। আর অন্যদলে গেলেই রাজাকার ও অমুক্তিযোদ্ধা হয়ে পড়ে।” এ ক্ষেত্রে তিনি কাদের সিদ্দিকীর কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, “ড. কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বেড়িয়ে যান, তখন তাকে রাজাকার বলা হয়েছিলো। ইদানিং তিনি ১৪ দলের সঙ্গে আসায় হাফ মুক্তিযোদ্ধা হয়ে গেছেন।”
শায়খুল হাদিস আজিজুল হক ও মুফতি শহীদুল ইসলামের নাম উল্লেখ করে তিনি বলেন, “একদিন আওয়ামী লীগ তাদেরকে মৌলবাদী ও তালেবান বলে দেশে-বিদেশে প্রচার করেছিলো। আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছিলো। তারা যখন ১৪ দলে গিয়েছে, তখন আর মৌলবাদী নেই।”
এরশাদের মামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “হাইকোর্টের রায়কে আওয়ামী লীগ অন্যায় বলেছে। অথচ নিম্ন আদালতের ৩ বছরের সাজা হাইকোর্ট এক বছর কমিয়ে দিয়েছে। এটাই যেন মহা অন্যায় হয়ে গেছে।”
একই সঙ্গে ‘এরশাদের বিরুদ্ধে হাইকোর্টের রায় দেওয়ার ক্ষেত্রে বিএনপির ভূমিকা রয়েছে’ ১৪ দলের এই অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, “বিএনপি এখন ক্ষমতায় নেই, এই ধরনের প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। সেখানে কোনো সরকারেরই প্রভাব বিস্তার করার সুযোগ নেই।”
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
