২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নির্বাচনে পর্যবেক্ষক কমে যেতে পারে

নিয়ম-নীতিতে কড়াকড়ির কারণে নবম জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা কমে যেতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, অন্যান্য বারের চেয়ে এবার নির্বাচন পর্যবেক্ষণে শৃঙ্খলা থাকবে অনেক বেশি। কমিশনও পর্যবেক্ষণ কাজে ঢালাওভাবে কোনো ব্যক্তি বা সংস্থাকে অনুমতি দিচ্ছে না।

অন্যদিকে দেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশন নীতিমালায় কড়াকড়ি আরোপ করায় ভোট পর্যবেক্ষণে অভিজ্ঞ বেসরকারি সংস্থাগুলো (এনজিও) ক্ষুব্ধ।

তাদের মতে, নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে মতামত প্রকাশ না করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কমিশন পর্যবেক্ষণের মূল উদ্দেশকেই ব্যাহত করতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সেলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের গুণগত মানের ওপর জোর দিচ্ছি; তাদের সংখ্যার ওপর নয়।”

নির্বাচন পর্যবেক্ষণকারী ‘ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স’ (ফেমা) এর সভাপতি মনিরা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “নির্বাচন কমিশনের ভোট পর্যবেক্ষণ নীতিমালায় কড়াকড়ি আরোপের সঙ্গে বাস্তব অবস্থার খুব একটা মিল নেই। নিঃসন্দেহে এটি পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করবে।”

মনিরা খান বলেন, “এবার নীতিমালায় দেশি পর্যবেক্ষকের বয়স ২৫ বছর হতে হবে বলা হয়েছে। কিন্তু ১৮ বছর হলেই একজন নাগরিক ভোটার হতে পারেন।” তিনি পর্যবেক্ষককের বয়স অভিজ্ঞতাসহ ২০ বছর হওয়া উচিত বলে মন্তব্য করেন।

ফেমা সভাপতি প্রশ্ন রেখে বলেন, “এছাড়া তথ্যভিত্তিক হলে পর্যবেক্ষকদের তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশে বাধা কোথায়? একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই বেসরকারি ফলাফল প্রকাশ করার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকদেরও মতামত প্রকাশ করা উচিত। ভুল-ত্রুটি সংশোধনের জন্যই এর প্রয়োজন।”

তবে তার এই বক্তব্যর সঙ্গে দ্বিমত প্রকাশ করেন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেই পর্যবেক্ষণ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। পর্যবেক্ষকদের অভিজ্ঞতা ও বয়সের পরিপক্কতা যাতে থাকে, সে জন্য তাদের বয়স ২৫ বছর করা হয়েছে।”

আব্দুর রশীদ সরকার বলেন, “আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল প্রকাশের আগেই পর্যবেক্ষকদের মত নির্বাচনের ওপর অনেক সময় প্রভাব ফেলে। এ কারণেই এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে পর্যবেক্ষকরা তাদের মতামত কমিশন ছাড়াও তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার বা সহকারি রিটার্নিং অফিসারদের জানাতে পারেন।”

এবার বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে তাদের দোভাষীদের ওপর। দোভাষীদের অবশ্যই প্রাপ্ত বয়স্ক এবং দলমত নিরপেক্ষ হতে হবে। তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নেই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (ছাত্র হলে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) সনদপত্র থাকতে হবে।

কমিশন সূত্র জানায়, ২০০১ সালের নির্বাচনে ৬৮ টি এনজিওর ২ লাখ ১৮ হাজার পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেন। সে বছর বিদেশি ছিলেন ২১৫ জন।

কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রেইন বৃহস্পতিবার কমিশনের সঙ্গে এক সমঝোতা স্মারক সাক্ষর করার পর সাংবাদিকদের জানান, নির্বাচন পর্যবেক্ষণে তাদের প্রায় দেড়শ পর্যবেক্ষক অংশ নিচ্ছেন।

কমিশন পর্যবেক্ষকদের বিষয়ে বুধবার একটি আন্তমন্ত্রণালয় বৈঠক করে। এতে নির্বাচন কমিশন ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য, আইন, স্বাস্থ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, এবার নির্বাচন পর্যবেক্ষণে কমিশন প্রাথমিকভাবে সাংবাদিকসহ ১ লাখ ২৬ হাজার ৬৩০ জন পর্যবেক্ষককে অনুমতি দিচ্ছে। এর মধ্যে বিভিন্ন এনজিওর ১ লাখ ১৭ হাজার ৪০০ জন এবং গণমাধ্যমের ৯ হাজার ২০৩ জন থাকবেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

নির্বাচন পর্যবেক্ষণকারী এনজিওদের সমন্বয়কারী সংস্থা ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’ এর সদস্য ৩৪টি এনজিও এবার নির্বাচন পর্যবেক্ষণে থাকবে। এশিয়া ফাউন্ডেশন ও জাপান সরকার এ জন্য এনজিওগুলোকে আর্থিক অনুদান দিচ্ছে বলে জানা গেছে।

ফেমার এক কর্মকর্তা জানান, প্রতিটি নির্বাচনী আসনেই এবার তাদের পর্যবেক্ষক থাকছেন। এছাড়া সারা দেশে তাদের মোট ১৫৭টি ভ্রাম্যমান দল পর্যবেক্ষণে থাকবে।

দ্বিতীয়বারের মতো ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি ভোট গ্রহণ হওয়ার কথা। তবে সরস্বতী পূজা থাকায় এই তারিখ পরিবর্তনের চিন্তা করছে কমিশন।