২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এইচ এম এরশাদ অংশগ্রহণ করতে না পারলে নির্বাচন বানচাল করে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় পার্টির নেতারা। জাপা নেতা কাজী জাফর আহমেদ বলেছেন, এরশাদকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই হাইকোর্ট এই রায় দিয়েছে। শুক্রবার রাজধানীতে বিক্ষুব্ধ কর্মীরা ৩/৪টি মিনিবাস ভাংচুর করের ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

জাপানী বোট কেনা নিয়ে দুর্নীতি মামলায় এরশাদের আপিল আবেদন হাইকোর্ট নাকচ করে দিলে আগামী নির্বাচনে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। এ ঘটনায় সারাদেশে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই ঘটনাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে অভিহিত করেছেন। যশোরে জাতীয় পার্টির মিছিল থেকে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার ঢাকার তোপখানা রোডে বিক্ষোভ সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মিনিবাস ভাংচুরের ঘটনা ঘটে। এসময় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

সমাবেশে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেছেন, এরশাদ চার দলে গেলে কোনো মামলা থাকে না। যখনই তিনি ১৪ দলে যেতে পারেন বলে আভাস দিয়েছেন তখনই তাকে হয়রানির জন্য মামলা করা হয়েছে।

কাজী জাফর আহমেদ বলেন, আগামী নির্বাচনে এরশাদকে বাদ দিতে এবং রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই মামলার এই রায় হয়েছে।

তিনি বলেন, “এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন জানানো। সেখানেও ন্যায়বিচার না পেলে নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।”

জাপা মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তারা কর্মসূচি দেবেন এবং সেই আন্দোলনেই বদলে যাবে রাজনৈতিক দৃশ্যপট।

বাস ভাংচুর প্রসঙ্গে জিএম কাদের বলেন, “দলটি এ ধরনের কাজের সঙ্গে জড়িত প্রমাণ করার জন্যই ভাংচুরের এই ঘটনা ঘটানো হয়।” বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করে নিরীহ জাপা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাছাড়া পুলিশও নীরব ভূমিকা পালন করেছে।

এদিকে এরশাদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল থেকে শুক্রবার বিকেলে ব্যাপক ভাংচুর করা হয়েছে। একপর্যায়ে উত্তেজিত ব্যবসায়ীরা সম্মিলিতভাবে মিছিলকারীদের ধাওয়া করে দু’জনকে ধরে পিটুনি দেয়। গণধোলাইয়ের শিকারদের মধ্যে জেলা যুবসংহতির সাধারণ সম্পাদকও রয়েছেন।