২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকা হালনাগাদের কাজে সহযোগিতা করুন: খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোটার তালিকা হালনাগাদ করার কাজে সহযোগিতা করার জন্য দল ও জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 02:49 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বণানীর হাওয়া ভবনে বৃহস্পতিবার দুপুরে চেয়ারপারসনের এই আহবান জানানোর কথা সাংবাদিকদের বলেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।

তিনি বলেন, জোটের পক্ষে যাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে তাকেই বিজয়ী করার জন্য মনোনয়ন না পাওয়া প্রার্থীদের প্রতি জোর প্রচেষ্টা চালানোরও আহবান জানিয়েছেন জোট নেত্রী।

হাওয়া ভবনে তখন ঢাকা বিভাগের টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ৩৩টি আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছিল। এই ৩৩টি আসনে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা ১৬২।

প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে পার্লামেন্টারী বোর্ড। সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। উপস্থিত রয়েছেন বোর্ডের সদস্য এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আবদুল মতিন চৌধুরী, খন্দোকার দেলোয়ার হোসেন, ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, কে এম ওবায়েদুর রহমান, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহম্মেদ।

সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল-১ আসনের জন্য সাবেক পাট ও বন্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজকে দিয়ে শুরু হয় সাক্ষাৎকার। টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়ন প্রত্যাশীর মোট সংখ্যা ৩৭।

নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা বিভাগের এই পাঁচ জেলার ৩৩টি আসনের মধ্যে শেরপুর সদর আসন জোটের শরীক জামায়াতে ইসলামীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

শুক্রবার ও শনিবার বিরতির পর আগামী ১৭ ডিসেম্বর ফের সকাল ১১টায় সাক্ষাৎকার শুরু হবে।