নির্বাচন ২ মাস পিছিয়ে দিন: অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র নির্বাহী প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ নির্বাচন ২ মাস পেছানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বুধবার বিকেলে বারিধারা প্রেসিডিয়াম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “নির্বাচন কমিশন পুণর্গঠন এবং সঠিক ভোটার তালিকা প্রণয়ন ছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
এ কাজগুলো করার জন্য ২ মাস সময় প্রয়োজন বলে তিনি জানান।
প্যাকেজ প্রস্তাব ভণ্ডুলের জন্য তিনি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের স্বনিযুক্ত প্রধান উপদেষ্টাকে দায়ী করে বলেন, “বিদায়ী ৪ উপদেষ্টা প্যাকেজ বাস্তবায়নে দৃঢ় থাকলেও তার জন্য সম্ভব হয়নি।”
ভোটার তালিকায় ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটারের কথা উল্লেখ করে তিনি বলেন, “মাদ্রাসার ১২ থেকে ১৫ বছরের ছেলেদের ভোটার করা হয়েছে এবং হালনাগাদের কাজ হচ্ছে খেয়ালখুশি মতো।”
শীর্ষ সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও লুটেরাদের সাহায্য করছেন বলে তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে ছিলেন এলডিপি মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শেখ রাজ্জাক আলী, রেদোয়ান আহমেদ, এমএ জিন্নাহ, সৈয়দ মঞ্জুর হোসেন, এমএ মুকিত খান, সহ-সভাপতি ফিরোজ এম হাসান, যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, অতিরিক্ত দপ্তর সম্পাদক লায়ন ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ, মহানগর এলডিপি নেতা হাজী নাসির উদ্দিন সরকার প্রমুখ।
