২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা চাই সব দল নির্বাচনে আসুক: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগসহ ১৪ দল একের পর এক দাবি তুলে সাংবিধানিক সংকট সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু সংকটের নামে কাউকে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। ৯০ দিনের মধ্যে নির্বাচন হতেই হবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক। উন্নয়নের ধারাবাহিকতার জন্য ওই নির্বাচনে দেশের জনগণ চার দলীয় জোটকে ভোট দেবে।’’

বুধবার বিকেলে বনানীর হাওয়া ভবনে ধামরাই আওয়ামী লীগ নেতা তমিজুদ্দিন আহমেদের নেতৃত্বে ২১ জন বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, গণফোরামের সহস্রাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যোগদানকারী নেতাদের স্বাগত জানিয়ে খালেদা জিয়া দলের প্রবীণ ও নবীনদেরকে এক পরিবারের সদস্য হিসেবে কাজ করতে বলেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুৃ প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “এই দলটি ক্ষমতায় থাকাকালে দেশের কেনো উন্নয়ন করেনি। ক্ষমতার বাইরে থাকাকালেও তারা নৈরাজ্য সৃষ্টি ছাড়া কিছুই করেনি। তারা জনগণকে ভয় পায় বলে নির্বাচন চায় না। তাদের দাবি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ, প্রশাসনের কর্মকর্তাদের ঢালাওভাবে বদলি ও চাকুরিচ্যুত করা হয়েছে। তারপরও তারা নতুন নতুন দাবি তুলছে।”