২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বিএনপি

ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বিএনপি। বুধবার সাবেক সচিব মোফাজ্জল করিমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 01:31 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এ ছাড়া স্বরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনেরও অনুরোধ জানান তাঁরা।

বেলা ১২টা থেকে শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে মোফাজ্জল করিম সাংবাদিকদের বলেন, “নির্বাচনের তারিখ ২৩ জানুয়ারি পরিবর্তন করার জন্য আমরা সচিবকে অনুরোধ করেছি। স্বরস্বতী পূজার মতো একটি বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের কারণেই আমরা তাকে অনুরোধ করেছি তারিখটা এগিয়ে আনার জন্য। কারণ পেছানোর তো কোন সুযোগ নেই।”

ভোটার তালিকা সংশোধনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে সাবেক সচিব বলেন, “নির্ভুল ভোটার তালিকা হোক এটা আমরাও চাই। আমাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করছি। সংশোধনের সময়ও যেন একটু বাড়ানো হয় সেই অনুরোধ আমরা তাকে করেছি।”

তিনি জানান, সচিব বিষয়গুলো বিবেচনা করবেন বলে তাদের জানিয়েছেন।

কয়েকজন নির্বাচন কমিশনারের ছুটিতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ছুটি যাওয়ার বিষয়ে আলোচনা হয়নি। তবে যিনি বা যারা ছুটিতে যাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এমন কোন পরিবেশ হয়নি যে নির্বাচন কমিশনারের দায়িত্ব ছেড়ে সবাইকে ছুটিতে যেতে হবে। ”

এর আগে রোববার কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বলেছিলেন, “প্রথমে আমরা ২১ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছিলাম। পরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ২৩ জানুয়ারি তারিখ ঠিক করা হয়। কিন্তু সে সময় আমাদের হাতে ২০০৭ সালের সরকারি ক্যালেন্ডার ছিল না।”

ওই সময় তিনি আরও বলেন, “এখন স্বরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তন করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখছি। আগে বড় দুই দলের সঙ্গে আলোচনা করতে হবে। পরে নির্বাচন কমিশন আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

বড় দুই দলের মধ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।