কারও সমস্যা থাকলে পদত্যাগ করতেই পারেন: ফজলুল হক
উপদেষ্টা বিচারপতি ফজলুল হক বলেছেন, “চার উপদেষ্টার পদত্যাগের ঘটনায় সরকারের কাজ ব্যাহত হওয়ার কোন সুযোগ নেই। কারও সমস্যা থাকলে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন। এতে কারও কিছু করার নেই।” তত্ত্বাবধায়ক সরকারের ইমেজ ক্ষুন্ন হবে কী না তা জনগণ বিচার করবে বলেও তিনি মন্তব্য করেন।
তবে তিনি চার উপদেষ্টাকে তাদের পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, “পদত্যাগপত্র প্রত্যাহার করে ফিরে আসুন। আমরা সকলে মিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি।”
উপদেষ্টা বিচারপতি ফজলুল হক ও ইয়াসমীন মুর্শেদ স্বাস্থ্য উপদেষ্টা সুফিয়া রহমানের কার্যালয়ে সোমবার দুপুরে দীর্ঘ সময় বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে এসে ফজলুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে মুখ খোলেননি তিনি।
বৈঠক আনুষ্ঠানিক ছিল না উল্লেখ করে তিনি বলেন, “আমরা লাঞ্চ করতে বসেছিলাম। লাঞ্চের সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।”
ফজলুল হক জানান, চার উপদেষ্টার পদত্যাগের বিষয়টি তিনি জানতেন না, টিভিতে দেখেছেন। তিনি বলেন, “রাষ্ট্রপতি তাদের অনুরোধ করলে তারা হয়তো পদত্যাগ পত্র তুলেও নিতে পারেন। আর যদি পদত্যাগপত্র তুলে না নেন তাহলে শূণ্যতা পূরণে চারজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন।”
তিনি আরও বলেন, “আমি আশা করবো তারা পদত্যাগপত্র তুলে নেবেন। কারণ সমস্যা এখন একটা ব্যক্তিতে এসে থেমে গেছে। এ বিষয়ে বাইরে থেকে কিছু করা যাবে না। ভিতর থেকেই সমস্যার সমাধান করতে হবে।”
সেনা মোতায়েন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেনা মোতায়েন বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। রাষ্ট্রপতি আমাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং আমাদেরকে অবহিত করেছেন।”
তিনি এর আগের তিনটি তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টেনে ফজলুল হক বলেন, “তিনটি তত্ত্বাবধায়ক সরকারের আমলেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারও করা হয়েছে। তবে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কয়েকদিন আগেই সেনা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বিরোধিতা করার অধিকার আমাদের নেই।”
রাজনৈতিক দলগুলোর নির্বাচন বয়কট প্রসঙ্গে তিনি বলেন, “কোন দল নির্বাচনে না এলে আমাদের কী করার আছে ? আমরা চাইবো সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের।”
