২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা দেখছেন না ভারপ্রাপ্ত সিইসি

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগের পরও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে কোন সমস্যা দেখছেন না ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মাহফুজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন যথাসময়েই হবে, ইনশা আল্লাহ”।

চার উপদেষ্টার পদত্যাগ, দুই নির্বাচন কমিশনার স ম জাকারিয়া ও মোদাব্বির হোসেন চৌধুরীর ছুটিতে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, “নো কমেন্ট।”

উপদেষ্টা চারজন পদত্যাগ করার আড়াই ঘন্টা পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধনের কাজে আমাদের কোন সমস্যা নেই। তবে জনগণ কোনো সহযোগিতা করছে না এবং কেউ কোন তথ্য দিচ্ছে না।”

ভারপ্রাপ্ত সিইসি বলেন, “দেশবাসীর কাছে আমার অনুরোধ, কেউ যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকেন, আপনারা তার নাম অন্তর্ভুক্ত করুন। আর যদি একই নাম বার বার অন্তর্ভুক্ত হয়ে থাকে, তা চিহ্নিত করুন; তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।”

তিনি বহুতল ভবনের মালিকদের আহ্বান জানিয়ে বলেন, যারা এরই মধ্যে বাসা পরিবর্তন করেছেন অথবা ভাড়াটিয়াদেও কেউ মারা গিয়ে থাকলে সেই তথ্য আমাদের দিন, আমরা এসব নাম সংশোধন করে নেবো। কমিশন যাতে বিতর্কের ঊর্ধ্বে যেতে পারে, সেজন্য আমাদের সহায়তা দিন।”

২৩ জানুয়ারি অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন শুক্রবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে।

এই সময়ের মধ্যে একটি নির্ভূল ভোটার তালিকা তৈরি করা সম্ভব কিনা-জানতে চাওয়া হলে মাহফুজুর রহমান বলেন, “আমরা তো আশাবাদী। তারপরও ভোটার তালিকায় যদি কোনো ভুল থাকে, তা দেখিয়ে দেওয়া হলে সংশোধন করা হবে। এটি একটি অব্যাহত প্রক্রিয়া। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই সংশোধনের কাজ চলবে।”

ভোটার তালিকা সংশোধনের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার কমিশনকে দেওয়া বেশ কিছু প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “আমরা প্রস্তাবনাগুলো দেখছি।”

এদিকে চার উপদেষ্টার পদত্যাগে ২৩ জানুয়ারি নির্বাচন নিয়ে সংশয়ের মেঘ সোমবার সকাল থেকেই আচ্ছন্ন করে রেখেছিল নির্বাচন কমিশন সচিবালয়কে।

কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সবাই দিনভর বিষয়টি নিয়ে আলোচনা করলেও সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হননি কেউ।

বিকেলে দুই নির্বাচন কমিশনার স ম জাকারিয়া ও মোদাব্বির হোসেন চৌধুরী রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে তারা কি নিয়ে আলোচনা করেছেন সে ব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউই।

বিকাল ৪ টা থেকে পৌনে একঘন্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় স ম জাকারিয়ার কক্ষে ।

বৈঠক শেষে মোদাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “সময় আসুক, দু-একদিন যাক, সবই বলবো।”

ছুটিতে যাচ্ছেন কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “নো কমেন্ট।”

ছুটিতে যাওয়া বা পদত্যাগের বিষয়ে বঙ্গভবন থেকে কোনো অনুরোধ এসেছে কি না-জানতে চাওয়া হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কিসের অনুরোধ, কার অনুরোধ, কার কাছে অনুরোধ, কেনই বা অনুরোধ?”

বিকাল ৫ টার দিকে স ম জাকারিয়া তড়িঘড়ি করে অফিস ত্যাগ করার সময় কোনো প্রশ্নেরই জবাব দেননি।

উপদেষ্টাদের গুচ্ছ প্রস্তাবের মধ্যে এই দুই নির্বাচন কমিশনারের ছুটিতে যাওয়ার বিষয়টিও ছিল।

সকাল পৌনে ১০ টায় জামায়াত নেতা সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

আধঘন্টার সাক্ষাত শেষে দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন “এলাকার নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেছি। অন্য কোনো রাজনৈতিক বিষয়ে নয়।”

এদিকে বেলা ১১টার দিকে বিদেশী সাহায্য সংস্থা ডিএফআইডির একটি তিন সদস্যের প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণ সেল প্রধান উপসচিব ফরিদ আহমেদ ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।