তৌহিদ হোসেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন রোববার তার পদ থেকে সরে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার হেমায়েতউদ্দিন অতিরিক্ত সচিব তৌহিদ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বিকেলে হেমায়েতউদ্দিন সাংবাদিকদের জানান, এ মাসে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) তাদের তিন মহাপরিচালকের একটি পদে চার বছরের জন্য একজনকে মনোনয়ন দিতে বাংলাদেশকে অনুরোধ জানায়।
ওআইসি’র প্রস্তাব পেয়ে সরকার ওই পদে তাকে মনোনীত করে।
নতুন পদে কবে যোগ দিচ্ছেন জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব জানান, তিনি খুব শিগগিরই জেদ্দায় ওআইসি সদর দপ্তরে যোগ দেবেন।
উল্লেখ করা যেতে পারে, সরকার গত বছর হেমায়েতউদ্দিনকে পররাষ্ট্র সচিব পদে দু’বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
এই পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি গত সোমবার রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিনের আহমদের কাছে চিঠি লেখেন।
