দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই হবে সেনা বাহিনীর প্রধান কাজ: অলি
লিবারেল ডেমোক্রিটিক পাটির্র (এলডিপি) নির্বাহী চেয়ারম্যান অলি আহমেদ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, সেনা বাহিনীর প্রধান কাজ হওয়া উচিত সদ্য বিদায়ী সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-সাংসদ-নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে টেলিফোনে রোববার বলেন, ওই দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নির্বাচন করা হলে তা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এতে জনগনের ইচ্ছারও প্রতিফলন ঘটবে না।
অলি আহমেদ বলেন, বাংলাদেশের সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের ফসল। তারা দেশের জনগণের ইচ্ছা অনুধাবন করতে পারে।
সেনা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারা যেন কোনোভাবে ১৪ দল ও এলডিপিকে তাদের প্রতিপক্ষ মনে না করে।
তিনি বলেন, এখনো জনগণের নির্বাচন কমিশন পূনর্গঠনের দাবি মানা হয়নি। ফলে এটা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান বাধা হয়ে আছে।
