২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের “অযৌক্তিক’ দাবি মানবেন না: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ১৪ দলের আর কোনো “অযৌক্তিক’ দাবি না মানার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

২৪ ঘন্টার মধ্যে প্যাকেজ বাস্তবায়ন নিয়ে ১৪ দলের দাবি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন,“কে নির্বাচনে এলো না এলো তা দেখার আর কোনো সুযোগ নেই। ৯০ দিনের মধ্যেই নির্বাচন চাই। ১৪ দল যদি ঢাকা শহরে ২০ লাখ লোক জড়ো করতে পারে তাহলে আমরাও ৪০ লাখ লোকের সমাবেশ ঘটাতে পারি।”

মান্নান ভূঁইয়া দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতিও নিতে বলেন।

নির্বাচন কমিশনার স ম জাকারিয়াকে ছুটিতে পাঠানোর জন্য বিএনপি অনুরোধ জানাবে কি না-এই প্রশ্নের জবাবে তিনি বলেন,“নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা কখনো কাউকে অনুরোধ জানাইনি, জানাতেও চাই না।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“দেশের আইন-শৃংখলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্ত্বা বিধান করা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ। অবরোধের নামে এগুলো ধ্বংস করা হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ জনগণের নিরাপত্তার ব্যবস্থা নিন।”

বিএনপি মহাসচিব ১৪ দলের অবরোধ ও ঘেরাও কর্মসূচির সমালোচনা করে বলেন,“অবরোধ কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তার মাপকাঠি হতে পারে না। দেশের মানুষ অবরোধ চায় না। ১৪ দল এই ধরনের কর্মসূচি দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা নির্বাচনকে ভয় পায় এবং এসব করে নির্বাচন এড়নোর অপচেষ্টা করছে।”