চবিতে ভর্তি পরীক্ষা শুরু, ছাত্রলীগের অবরোধ স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এ বছর ২ হাজার ৫০৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৬৯৫ জন। ভর্তি পরীক্ষা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রলীগ নেতৃবৃন্দের এক সমঝোতা বৈঠকের পর অবরোধ কর্মসূচি ৩০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার বিকেলে উপাচার্য এম বদিউল আলমের সঙ্গে সাত দফা দাবি নিয়ে ছাত্রলীগ নেতাদের বৈঠক বসে। উপাচার্য ৩০ ডিসেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ করার ব্যাপারে আশ্বাস দিলে অবরোধ স্থগিত রাখতে সম্মত হয় ছাত্রলীগ।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রক্টর দিদারুল আলম চৌধুরী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
