২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারও এজেন্ডা বাস্তবায়ন করা উপদেষ্টাদের কাজ নয়: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মান্নান ভূঁইয়া কারও নাম উল্লেখ না করে কতিপয় উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘‘কে নির্বাচনে এলো, আর কে এলো না, তা দেখার দায়িত্ব আপনাদের নয়। অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করুন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন উপদেষ্টাদের কাজ নয়।’’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব একথা বলেন। চার দলের পক্ষে মান্নান ভূঁইয়া শনিবার সারাদেশে সমাবেশ ও ঢাকার মুক্তাঙ্গনে জনসভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বিএনপির সহসভাপতি ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, যুবদলের সভাপতি বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, নগর সাধারণ সম্পাদক আবদুস সালাম, জামায়াতের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ বেলালী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের বক্তব্য রাখেন।

মান্নান ভূঁইয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নির্বাচন চায় না বলে নানা অজুহাত সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে চায়। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হতে হবে। আওয়ামী লীগের বিভিন্ন দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবির কোনো শেষ নেই। তিনি যথা সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অনুরোধ জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নাম উল্লেখ না করে বলেন, আমরা জানতে পেরেছি যে, কতিপয় উপদেষ্টা নির্বাচন কমিশন পূর্ণগঠনের নামে নির্বাচন কমিশনারদের ছুটিতে যেতে হুমকি দিচ্ছেন।

মান্নান ভূঁইয়া তাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, নইলে আপনাদেরকে এই রকম অসাংবিধানিক কাজের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।