২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিন: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সহযোগী সংগঠনগুলোকে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দলের বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে ধানমণ্ডির কার্যালয়ে বুধবার সন্ধ্যায় বৈঠক করেন তিনি ।

প্রায় এক ঘণ্টার বৈঠক থেকে বেরিয়ে শেখ হাসিনা নিজে কোনো মন্তব্য না করলেও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সভানেত্রী নেতাকর্মীদের আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি শুরু করতে বলেছেন।

একইসঙ্গে তিনি সারা দেশে উপযুক্ত সবাই যেন ভোটার হতে পারেন সেজন্য নেতাকর্মীদের উদ্যোগী হতে বলেছেন।

শেখ হাসিনা আন্দোলনের পুরো সময় সাহসী ও সংগ্রামী ভূমিকা রাখার জন্য দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও একই রকম ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বলে ওবায়দুল কাদের জানান।

এদিকে সন্ধ্যা ৭টায় ১৪ দলের নেতাদের সঙ্গে উপদেষ্টাদের আরেকটি বৈঠক হওয়ার কথা থাকলেও উপদেষ্টা পরিষদের বৈঠক দীর্ঘায়ীত হওয়ায় তা আর অনুষ্ঠিত হয়নি।