২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীর ঘটনায় ৩ মামলা, একটি লাশের হদিস মেলেনি

কক্সবাজারের মহেশখালী দ্বীপে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের সোমবারের সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। এদিকে নিহত তিনজনের মধ্যে যুবদল নেতা জয়নাল আবেদীনের লাশের হদিস এখনো পাওয়া যায়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

প্রতিপক্ষরা লাশটি অপহরণ করে প্রতিবেশী অন্য একটি উপকূলীয় ইউনিয়নের প্যারাবনে পুঁতে ফেলেছে অথবা সাগরে ভাসিয়ে দিয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। তবে পুলিশ এ ব্যাপারে কিছুই বলছে না।

সংঘর্ষে নিহত মোজাম্মেল হকের চাচা মোকতার আহমদ ৩৬ জনকে আসামী করে এবং নিহত আবদুল গণির মা ফাতেমা বেগম ৪৫ জনকে আসামী করে মহেশখালী থানায় পৃথক মামলা দায়ের করেছেন। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশও বাদী হয়ে একটি মামলা করেছে।

ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পরে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

মহেশখালী থানার ওসি মোস্তফা মঞ্জুর মাহমুদ জানিয়েছেন, ওই সংঘর্ষের ঘটনার পর পুলিশ মঙ্গলবার পর্যন্ত মোজাম্মেল হক ও আবদুল গণি নামের দুজনের লাশ উদ্ধার করেছে। জয়নাল আবেদীন নামের আরও একজন নিহত হওয়ার কথা প্রচার হলেও লাশের সন্ধান পাওয়া যায়নি।

জিয়াউর রহমানের নিকটাত্মীয় আবু হেনা মোস্তফা জানিয়েছেন, কালারমারছড়া ইউনিয়নের প্রতিবেশী ইউনিয়ন ধলঘাটায় জয়নাল আবেদীনের লাশের খবর তারা জানতে পেরেছেন। বর্তমানে ওই লাশ ধলঘাটা প্যারাবনে রয়েছে।

কালারমারছড়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কিবরিয়া জানিয়েছেন, সৈয়দ নুর বাহিনী প্রায় দেড় শতাধিক লোকজন নিয়ে ধলঘাটা প্যারাবনে অবস্থান করছে বলে তারা জানতে পেরেছেন। এই বাহিনীর হাতে একে-৪৭, এম-১৬ সহ অত্যাধুনিক ভারি অস্ত্র রয়েছে। ওই অস্ত্র তারা সংঘর্ষে ব্যবহার করেছিল বলেও তিনি জানান।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমানের সমর্থকরা আওয়ামী লীগ নেতা সাঈদ নূরের এক আত্মীয়ের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপি কর্মী জয়নাল আবেদীন (৩৫) এবং কালমারছড়া আওয়ামী যুবলীগের স্থানীয় ৭ নং ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক মোজাম্মেল হক (২৮) ও বিএনপি কর্মী আবদুল গণি নিহত হন।